সমকালের শাহেরীনসহ গণমাধ্যম পুরস্কার পেলেন ১৫ সাংবাদিক
রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে সোমবার গণমাধ্যম পুরস্কার হাতে ১৫ সাংবাদিক। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ২২:২৭ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ | ২২:৩৪
গণমাধ্যম পুরস্কার ও সম্মাননা পেয়েছেন সমকালের শাহেরীন আরাফাতসহ ১৫ জন সাংবাদিক। পাঁচটি ক্যাটাগরিতে তাদের পুরস্কৃত করা হয়। এতে জাতীয় সংবাদপত্র শাখায় সমকালের শাহেরীন আরাফাত চ্যাম্পিয়ন হন।
সোমবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত ‘সমতায় তারুণ্য : ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্যোগে ‘গণমাধ্যম পুরস্কার-২০২৫’ দেওয়া হয়।
বাংলাদেশের গণমাধ্যমে মানবিক মর্যাদা ও সমতার জন্য সাংবাদিকতাকে উৎসাহিত করতে ও পেশাদারত্ব বজায় রেখে জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার চর্চা বাড়াতে এ আয়োজন করা হয়।

গণমাধ্যম পুরস্কার ও সম্মাননা পেলেন যারা
জাতীয় সংবাদপত্র ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সমকালের মো. শাহেরীন আরাফাত, ডেইলি সানের রফিকুল ইসলাম, কালবেলার জাফর ইকবাল, প্রথম আলোর নাজনীন আখতার ও মানসুরা হোসাইন।
অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দৈনিক কালেরকণ্ঠের জুবায়ের আহমেদ, জাগো নিউজের আল-আমিন হাসান আদিব ও ইয়াসির আরাফাত রিপন এবং ঢাকা পোস্টের আরাফত জোবায়ের।
টেলিভিশন ক্যাটাগরিতে এখন টিভির মেহেরিন এ্যানি ও চ্যানেল টোয়েন্টিফোরের জিনিয়া কবীর সূচনা পুরস্কার পেয়েছেন।
স্থানীয় সংবাদপত্র ক্যাটাগরিতে খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির আওয়াল শেখ ও চট্টগ্রামের একুশে পত্রিকার শরীফুল রুকন এবং বিজ্ঞাপন ক্যাটাগরিতে ট্রিম পিকচারের শাহেদ শাহরুখ এবং যন্ত্রাক্ষী ফিল্মসের হাসান রেজাউল পুরস্কার অর্জন করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস, জাগো ফাউন্ডেশন ট্রাস্টের জ্যেষ্ঠ প্রোগ্রাম ম্যানেজার ইফতেখার-উল-করিম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের অধ্যয়ন বিভাগের প্রধান মনিরা শরমিন ও জুরি বোর্ডের সদস্যরা।
- বিষয় :
- পুরস্কার
- গণমাধ্যম
- গণমাধ্যমকর্মী
