ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

কুয়ালালামপুরে রায়হান কবিরকে কনস্যুলার সেবা দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুয়ালালামপুরে রায়হান কবিরকে কনস্যুলার সেবা দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী
×

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন- ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ১০:৩৬

‌‘মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্যাতনের চিত্র তুলে ধরে আল জাজিরায় সাক্ষাতকার দেওয়ার অপরাধে মালয়েশিয়া সরকারের হাতে গ্রেফতার রায়হান কবিরকে নিয়ম মাফিক কনস্যুলার সার্ভিস দেওয়া হবে। তবে একজনের জন্য মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় ৬ লাখ প্রবাসী যেন বিপদে না পড়েন সে বিষয়টিতে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।’ মঙ্গলবার সমকালকে এ সব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ দিকে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, রায়হান কবীরের সঙ্গে দেখা করতে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাস থেকে আবেদন করা হয়েছে। সূত্র জানায়, রায়হার কবিরকে কনস্যুলার সার্ভিস দেওয়ার প্রক্রিয়া শুরুর অংশ হিসেবেই এই আবেদন করা হয়েছে।

এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সমকালকে বলেন, ‘রায়হান কবীর কোন একটি সংস্থার প্ররোচনায় মালয়েশিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরঞ্জিত তথ্য আল জাজিরাকে বলেছে বলে অন্যান্য প্রবাসীরা জানিয়েছে। তার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জন্য অন্যান্য প্রবাসীরাও আতঙ্কে রয়েছেন। সরকারও চায় না, একজন ব্যক্তির জন্য সেখানে অবস্থানরত ৬ লাখ প্রবাসী সমস্যায় পড়ুক।’

তিনি বলেন, ‘বর্তমানে মালয়েশিয়া সরকার অত্যন্ত কঠোর ভূমিকায় রয়েছে। সে দেশের আইন-কানুন না মানলে প্রবাসীদের শাস্তির মুখে পড়তে হবে। এ কারণে আইন মেনে চলতে হবে। প্রবাসীরা আইন মেনে চললে সমস্যায় পড়বেন না।’

তিনি আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সদা সচেষ্ট। এ জন্য বাংলাদেশ মিশনগুলোকে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।

আরও পড়ুন

×