ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলা

শেখ হাসিনাসহ ২৬১ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

শেখ হাসিনাসহ ২৬১ জনকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
×

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫ | ২৩:১৪

জয় বাংলা ব্রিগেড-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে ‘উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে’ অংশ নেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ জনকে হাজিরের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন আদালত। এর আগে ঢাকার মহানগর হাকিম আদালত এ মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, আসামিদের গ্রেপ্তার করা যায়নি। এ পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন মহানগর হাকিম জুয়েল রানা।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. সালাহউদ্দিন বলেন, আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন বিচারক। 

গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সাবিনাসহ ২৪ জনকে
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনসহ ২৪ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে এ মামলায় এক আসামিকে গ্রেপ্তার দেখানো হয়। নতুন ২৪ জনকে নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা হলো ২৫ জন।

গত ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আদালতে মামলাটি করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। তদন্ত শেষে গত ৩০ জুলাই শেখ হাসিনাসহ ২৮৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন তিনি।

অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বী আলমের নেতৃত্বে ‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নেন কয়েকশ’ নেতাকর্মী। এ সময় শেখ হাসিনা নেতাকর্মীদের সামনে ‘দেশবিরোধী’ বক্তব্য দেন।

জুলাই ফাউন্ডেশনের ১৩ জনের নামে মামলা
ভুয়া তথ্য দিয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম দিয়েছেন–এমন অভিযোগ যাচাইয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। 

মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এ মামলা করেন ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন। মামলাটি আমলে নিয়ে আগামী ১১ নভেম্বরের মধ্যে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। 

বাদীপক্ষের আইনজীবী মো. জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন– জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাগর, মেহেদী হাসান, আফজালুর রহমান, সাইদুর রহমান শাহিদ, ফাতেমা আফরিন পায়েল, রেজা তানভীর, আলিফ, জাহিদ, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী, সোনিয়া আক্তার লুবনা, শামীম রেজা খান ও রাকিন।

ভিকারুননিসার ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
আট বছর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের দায়ে পলাতক আনিছ আহম্মেদ নীল নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া অপহরণের দায়ে তাঁকে আরও ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। 

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী রাশেদুল ইসলাম এ তথ্য জানান।

আরও পড়ুন

×