ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তির ধারে বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়

বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব

যুক্তির ধারে বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়
×

রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিতে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের ১১তম আসরের ঢাকা-২ অঞ্চলের প্রতিযোগিতা গতকাল শনিবার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে অতিথিরা সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫ | ০৭:২৯

| প্রিন্ট সংস্করণ

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের ১১তম আসরের ঢাকা-২ অঞ্চলের প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল শনিবার রাজধানীর পান্থপথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমিতে এ আয়োজন করা হয়। বিভিন্ন বিষয়ে বিতর্কের পর যুক্তির ধারে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করে খুদে বিতার্কিকরা। 

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকাল পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে বিতর্ক উৎসবের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। এবারের প্রতিপাদ্য ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’।

দুই দিনব্যাপী ঢাকা অঞ্চলের বিতর্ক উৎসবের শেষ দিন গতকাল অংশ নেয় ঢাকা বিভাগের রাজবাড়ী, নারায়ণগঞ্জসহ মহানগরের ১৬টি স্কুলের বিতার্কিকরা। বিজয়ী হয়েছে ইয়াছিন উচ্চ বিদ্যালয় (রাজবাড়ী), শহীদ পুলিশ স্মৃতি কলেজ, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল, রাজউক উত্তরা মডেল কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই দলগুলো চূড়ান্ত পর্বে অংশ নেবে।

গতকাল বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক এবং বিএফএফের ট্রাস্টি বি এম মাইনুল হোসেন। সভাপতিত্ব করেন সমকালের উপসম্পাদক শাহেদ চৌধুরী। অতিথি হিসেবে ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং শাহ্‌জালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের ইনচার্জ কে এম হারুনুর রশীদ। 

বিতার্কিকদের উদ্দেশে মাইনুল হোসেন বলেন, যারা বিতর্কের সঙ্গে যুক্ত ছিল, তারা পরবর্তী সময়ে সমাজের নেতৃত্ব স্থানীয় অবস্থানে পৌঁছেছেন। শুধু সিজিপিএ নয়, বরং এই কো-কারিকুলাম কার্যক্রমই একজন শিক্ষার্থীকে অন্যদের থেকে আলাদা করে।

মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘আমরা যদি আমাদের সন্তানদের যুক্তিভিত্তিক বিতর্কের মাধ্যমে চিন্তা করতে শেখাতে পারি, তাহলে তাদের জ্ঞানের ভিত্তি আরও মজবুত হবে।’
হারুনুর রশীদ বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দেখে মনে হয়, তারা শুধু যুক্তি দিয়ে কথা বলাই নয়, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার প্রস্তুতি নিচ্ছে।
সভাপতির বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে শাহেদ চৌধুরী বলেন, এই বিতর্ক উৎসব এমন এক উদ্যোগ, যা সারাদেশের তরুণদের যুক্তিনির্ভর বিতর্কে অংশগ্রহণে উৎসাহিত করে। নিঃসন্দেহে জাতির প্রত্যাশা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিকেল ৩টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামান। 

আরও পড়ুন

×