রায়হান কবীরকে মুক্তি দাবি হিউম্যান রাইট ওয়াচের
ফাইল ছবি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২০ | ০৮:২৩
মালয়েশিয়া সরকারের নির্যাতনের বিরুদ্ধে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় সে দেশে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক রায়হান কবীরকে মুক্তি দেওয়ার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইট ওয়াচ। বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটি।
এশিয়া বিষয়ক উপ-পরিচালক ফিল রবার্টসন এক বিবৃতিতে বলেন, রায়হান কবীরের বিরুদ্ধে মালয়েশিয়ার কর্তৃপক্ষের নেয়া পদক্ষেপ এবং অভিবাসীদের শ্রমিকদের অবাধ গ্রেপ্তার, বহিষ্কার, কালো তালিকাভুক্তির মতো অধিকার হরণের মতো ঘটনায় কথা বলার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। বার্তাটি হচ্ছে, অভিবাসীদের বিরুদ্ধে সরকারের নীতির সমালোচনার করার প্রতিশোধ হিসাবেই বাংলাদেশি শ্রমিক রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, তথ্যচিত্রে বক্তব্য দেওয়ার জন্য বক্তব্যদাতাকে গ্রেপ্তার করা অর্থ হচ্ছে মালয়েশিয়ার বাক স্বাধীনতা ও গণমাধ্যমের বিধ্বংসী হামলা। বিবৃতিতে অবিলম্বে রায়হান কবীরকে মুক্তি দেওয়ার আহবান জানানো হয়।
মালয়েশিয়ায় অভিবাসীদের ওপর সরকারের নিপীড়ন নিয়ে আল-জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিলেন বাংলাদেশি অভিবাসী কর্মী রায়হান কবীর। এরই জেরে ২৪ জুলাই তাকে গ্রেপ্তারের পর ১৪ দিনের রিমান্ডে নিয়েছে মালয়েশিয়ার পুলিশ।
গ্রেপ্তারের প্রথম দিনে সাংবাদিকদের কাছে লেখা একটি চিঠিতে রায়হান কবির বলেছেন, 'আমি কোন অপরাধ করিনি। আমি মিথ্যা বলিনি। আমি শুধুমাত্র অভিবাসীদের ওপর বৈষম্যের প্রতিবাদ করেছি। আমি চাই অভিবাসী ও আমার দেশের সম্মান নিশ্চিত হোক। আমার বিশ্বাস, সব অভিবাসী এবং বাংলাদেশি আমার পাশে থাকবে।’
বাংলাদেশের ২১টি সিভিল সোসাইটি গ্রুপ রায়হান কবিরকে মুক্তি দেয়ার আহবান জানিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী তাকে কনসুলার সেবা দেওয়ার জন্য কুয়ালালমপুরে মালয়েশিয়া দূতাবাস আবেদন করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
- বিষয় :
- রায়হান
- মালয়েশিয়া
- রায়হান কবীর