ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সমুদ্র সহযোগিতা বিষয়ে ফিলিপাইনের সঙ্গে সমঝোতা স্মারক

সমুদ্র সহযোগিতা বিষয়ে ফিলিপাইনের সঙ্গে সমঝোতা স্মারক
×

পররাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫ | ০৪:৩১

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়টি পাশে রেখে সম্পর্ক স্বাভাবিক করতে একমত ঢাকা ও ম্যানিলা। ছয় বছর পর বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হয়েছে।

ম্যানিলায় তৃতীয় এফওসি শেষে দুই দেশ সমুদ্র সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারকে সই করেছে। রিজার্ভ চুরি হওয়ার পর দুই দেশের সম্পর্ক শীতল হয়ে পড়েছিল।

গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম।

ফিলিপাইনের পক্ষে যৌথভাবে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি (পলিসি) এইচ. ই. মা. হেলেন বি. দে লা ভেগা এবং আন্ডার সেক্রেটারি (মাইগ্রেশন) এইচ. ই. লিও এম. হেরেরা-লিম। এতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকে দ্বিতীয় এফওসির পর থেকে সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, সাইবার নিরাপত্তা, ব্লু ইকোনমি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, সংস্কৃতি, প্রতিরক্ষা স্টাফ কলেজগুলোর মধ্যে সহযোগিতা, জনগণের সঙ্গে জনগণের সংযোগ, শ্রম ও অভিবাসন, প্রশাসনে সহযোগিতার সুযোগগুলো নিয়ে এতে আলোচনা হয়েছে।

নাম না প্রকাশের শর্তে বৈঠকে অংশ নেওয়া একজন সমকালকে জানান, রিজার্ভ চুরির বিষয়টি নিয়ে কার্যক্রম আইন অনুযায়ী চলবে। দুই দেশের সম্পর্ক থমকে ছিল রিজার্ভ চুরির কারণে। এ দীর্ঘ সময় সম্পর্ক ভালোও হয়নি বা খারাপও হয়নি। এখন দুপক্ষই সম্পর্ক এগিয়ে নিতে একমত।

আরও পড়ুন

×