আজকের রায় বিশ্বে নজির হয়ে থাকবে: ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫ | ১৬:৪৫ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৫ | ১৭:১৭
আজকের রায় পুরো বিশ্বে নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। আজ সোমবার বিকেল ৩টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
ওসমান হাদি বলেন, পৃথিবীতে কোনো ক্ষমতাই স্থায়ী নয়। কোনো স্বৈরশাসক চিরকাল মানুষকে নিপীড়ন করে টিকে থাকতে পারে না। এই রায় শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই একটি গুরুত্বপূর্ণ নজির।
তিনি বলেন, মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির দণ্ড ঘোষণা করা হয়েছে। আর রাজসাক্ষী আইজিপি মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও মামুন আদালতকে সহযোগিতা করেছিলেন, আদালতের ভাষ্য অনুযায়ী তার অপরাধের জন্য মৃত্যুদণ্ডও হতে পারত। কিন্তু সহযোগিতার কারণে সাজা পাঁচ বছরে নামিয়ে আনা হয়েছে।
ওসমান হাদি বলেন, ‘শহীদ পরিবারগুলো বলছিলেন, মামুনের অন্তত যাবজ্জীবন কারাদণ্ড দিলে ভালো হতো। দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই ছিল প্রথম মামলা, যার রায় হলো আজ। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই-আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
