ওবায়দুল কাদেরের পালক ছেলের দুর্নীতি অনুসন্ধানে দুদক
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ২১:১১
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালক ছেলে মো. আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ লক্ষে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন ও উপসহকারী পরিচালক মো. আবু তালহার সমন্বয়ে অনুসন্ধান দল গঠন করা হয়েছে। আজ রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
আসাদুজ্জামান হিরু ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) পরিচালক, গুলশানের ডিএনসিসি মার্কেটের সভাপতি। এছাড়া প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ, ওয়েস্ট ফিল্ড নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তার বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি কারবার, শুল্ক ফাঁকিসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জন্মসূত্রে হিরুর বাড়ি ঢাকা দোহারের উত্তর শিমুলিয়ায়। তার জন্মদাতা বাবার নাম আক্তারুজ্জামান। ওবায়দুল কাদের তাকে ছেলেবেলা থেকে পালক ছেলে হিসেবে বড় করেছেন। এর আগে গত ২৮ আগস্ট কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের মাধ্যমে সরকারের ৫৮৫ কোটি ২৯ লাখ টাকার ক্ষতির অভিযোগে ওবায়দুল কাদেরসহ চারজনের নামে মামলা করে দুদক।
কবির বিন আনোয়ারের দুই বোনের বিরুদ্ধে অভিযোগ
সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বোন ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ও কলেজের প্রভাষক শ্যামলী হোসেন, ইমেলদা হোসেন ও শ্যামলী হোসেনের স্বামী মো. শাহাদাত হোসেনের সম্পদের চেয়ে শিগগির নোটিশ পাঠাবে দুদক। আজ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
জানা গেছে, দুদকের গোপন অনুসন্ধানে শ্যামলী হোসেনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৯২ লাখ টাকার সম্পদ, ইমেলদা হোসেনের নামে ৫৫ লাখ ২২ হাজার টাকার সম্পদ ও শাহাদাত হোসেনের নামে ৬ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে।
- বিষয় :
- আওয়ামী লীগ
- ওবায়দুল কাদের
- দুদক
