ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওবায়দুল কাদের ও সাবেক উপাচার্য মাকসুদ কামালের বিরুদ্ধে জবানবন্দি দিলেন ডাকসুর ভিসি

ওবায়দুল কাদের ও সাবেক উপাচার্য মাকসুদ কামালের বিরুদ্ধে জবানবন্দি দিলেন ডাকসুর ভিসি
×

ওবায়দুল কাদের ও মাকসুদ কামাল। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ | ১৮:২৭

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয়টির প্রক্টরিয়াল বডি ও প্রশাসনে যারা ছিলেন, তাদের সবার বিচার এই স্বাধীন দেশের মাটিতে হবে বলে জানিয়েছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তার কাছে চিফ প্রসিকিউটর কার্যালয়ে জবানবন্দি দিতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু সাদিক কায়েমসহ ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ। তারা সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় অভিযুক্ত ওবায়দুল কাদের ও ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে জবানবন্দি দেন। এরই মধ্যে দুপুরে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।  

ভিপি সাদিক কায়েম বলেন, ঢাবির সাবেক ভিসি মাকসুদ কামালের ব্যাপারে তাদের কাছে অনেক তথ্য ইতিমধ্যে এসেছে। বর্তমান সরকার ও ঢাবির একটি পক্ষ মাকসুদ কামালকে বিভিন্নভাবে সেইফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে। 

জুলাই গণঅভ্যুত্থানের সময় মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে এসে এখানকার শিক্ষার্থীদের ওপর হামলা করিয়েছেন বলেও অভিযোগ করেন সাদিক কায়েম। তিনি বলেন, সেই মাকসুদ কামালের বিচার এই স্বাধীন বাংলার মাটিতে হবে। জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিটি ঘটনায় বিদ্যালয়ের তৎকালীন ভিসি মাস্টারমাইন্ড হিসেবে জড়িত ছিলেন উল্লেখ করে সাদিক কায়েম বলেন, ‘সে সময় শহিদুল্লাহ হলসহ বিভিন্ন জাগায় ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে দফায় দফায় হামলা করে।’

তারা এই বিশ্ববিদ্যালয়ে রক্তের দাগ লাগিয়েছেন, ভাইবোনদের মেরে রক্তাক্ত করেছেন। এসব প্রমাণ তারা তদন্ত সংস্থাকে দিয়েছেন। সাদিক কায়েম বলেন, জুলাইয়ে গণহত্যা, শিশু হত্যা ও শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন-নিপীড়ন করা হয়েছে, এ ঘটনায় শেখ হাসিনার সঙ্গে যারা সহযোগী ছিলেন তাদের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন তিনি।

এদিকে, গুমের মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে জন্য আগামী ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইবুনাল-১।

আরও পড়ুন

×