মার্কিনিদের জন্য দূতাবাসের সতর্কতা
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার ঢাকার মার্কিন দূতাবাস ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশেই এই সতর্কতা অবলম্বন করতে হবে।
সতর্কবার্তায় বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পরবর্তী সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোট একসঙ্গে হবে বলে ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরও ঘন ঘন এবং তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত, শান্তিপূর্ণ বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে। মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।
আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের করণীয় হিসেবে পরামর্শ দিয়েছে ঢাকার দূতাবাস। সেই সঙ্গে যে কোনো ধরনের সহায়তার জন্য মার্কিন নাগরিকদের দূতাবাসে যোগাযোগের উপদেশ দেওয়া হয়েছে।
- বিষয় :
- দূতাবাস
