ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব

চিন্তাশীল সমাজ গড়তে বিতর্কের বিকল্প নেই

চ্যাম্পিয়ন ময়মনসিংহ জিলা স্কুল রানার্সআপ পুলিশ স্মৃতি কলেজ

চিন্তাশীল সমাজ গড়তে বিতর্কের বিকল্প নেই
×

বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসবের এবারের আসরের চ্যাম্পিয়ন ময়মনসিংহ জিলা স্কুল, রানার্সআপ ঢাকার শহীদ পুলিশ স্মৃতি কলেজ, প্রথম রানার্সআপ রংপুর জিলা স্কুল এবং দ্বিতীয় রানার্সআপ বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অতি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫ | ০৮:২৫

| প্রিন্ট সংস্করণ

বিতর্ক মানুষকে চিন্তা করতে শেখায়। শানিত যুক্তির মাধ্যমে নতুন জ্ঞানের উদ্ভব হয়, দূর হয় কুসংস্কার। বিতর্ক নতুন করে ভাবনার সুযোগ করে দেয়। সমাজে পরমতসহিষ্ণুতা সৃষ্টিতে ভূমিকা রাখে। তাই চিন্তাশীল সমাজ গড়তে বিতর্কের বিকল্প নেই। 

গতকাল শনিবার বিকেলে রাজধানীর গ্রিন রোডের এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসবের ১১তম আসরের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে দেশের সবচেয়ে বড় এ বিতর্ক আসরে এবার অংশ নেয় ৬৪ জেলার ৫২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার বিতার্কিক। উৎসবের স্পন্সর শাহ্‌জালাল ইসলামী ব্যাংক। 

সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। বক্তব্য দেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তামিম ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।

বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে অধ্যাপক ম. তামিম বলেন, ‘বিতর্ক আমাদের সহনশীল করে তোলে। ভিন্নমত বিতার্কিকদের চিন্তা করাতে সহায়তা করে। বিতর্ক শেষে দুই দল হাত মেলাবে, কথা বলবে, চিন্তাভাবনার বিনিময় করবে, এটাই আমরা চাই।’ 

অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘বিতার্কিকরা যে কোনো বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারে। বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি।’ 
সভাপতির বক্তব্যে শাহেদ মুহাম্মদ আলী বলেন, ‘সমকাল চিন্তাশীল সমাজ ও চিন্তাশীল প্রজন্ম তৈরির ক্ষেত্রে সবসময় সর্বাত্মক সহায়তা করবে। আমরা একটা বিজ্ঞানমনস্ক, চিন্তাশীল ও পরমতসহিষ্ণু বাংলাদেশ দেখতে চাই।’ 

এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জিলা স্কুল এবং রানার্সআপ ঢাকার শহীদ পুলিশ স্মৃতি কলেজ। এছাড়া প্রথম রানার্সআপ রংপুর জিলা স্কুল এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সেরা বক্তা নির্বাচিত হন ময়মনসিংহ জিলা স্কুলের দলনেতা অরিজিৎ চৌধুরী। 
চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রত্যেক সদস্যকে পুরস্কার হিসেবে ল্যাপটপ দেওয়া হয়। প্রথম ও দ্বিতীয় রানার্সআপ দলের সদস্যরা পেয়েছেন স্মার্টফোন। এছাড়া প্রত্যেককে বই, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। 
২০১৩ সালে শুরু হয় বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্কের যাত্রা। 

আরও পড়ুন

×