ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তারেক রহমানের গণসংবর্ধনা

নিরাপত্তার সব প্রস্তুতি সম্পন্ন, এসেছে বুলেটপ্রুফ গাড়ি

নিরাপত্তার সব প্রস্তুতি সম্পন্ন, এসেছে বুলেটপ্রুফ গাড়ি
×

তারেক রহমান

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৭:২৪ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১০:১০

| প্রিন্ট সংস্করণ

মাঝে আর মাত্র এক দিন। আগামী বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় যুগ পর তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। ৩০০ ফিটে গণসংবর্ধনার জন্য তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। প্রস্তুত রাখা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি। নিরাপত্তায় নেওয়া হয়েছে সব আয়োজন। 

দলের শীর্ষ নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে এদিন লাখ লাখ লোকের সমাগম ঘটবে। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সেখানকার আনুষ্ঠানিকতা শেষ করে ৩০০ ফিটের গণসংবর্ধনাস্থলে যাবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে যাবেন গুলশানের বাসায়। 

শাহজালাল বিমানবন্দর থেকে বাসায় ফেরা পর্যন্ত দল ও সরকারের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে বুলেটপ্রুফ দুটি গাড়ি ঢাকায় এসে পৌঁছেছে। তাঁর নিরাপত্তার জন্য চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের পরিধি বাড়ানো হয়েছে। এ ছাড়া দলের বিশ্বস্ত নেতাদের সমন্বয়েও একটি টিম গঠন করা হয়েছে। তারেক রহমানকে স্বাগত জানাতে সর্বোচ্চ জনসমাগম ও নিরাপত্তা এবং পুরো প্রক্রিয়া সুশৃঙ্খল করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি। এরই মধ্যে সারাদেশ থেকে নেতাকর্মী আসতে শুরু করেছেন। 

বুলেটপ্রুফ গাড়ি 
তারেক রহমানের নিরাপত্তায় বিএনপির কেনা বুলেটপ্রুফ বাস দেশে এসেছে। বাসটি রোববার চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে। সোমবার এটি ঢাকায় পৌঁছায়। এর আগে তারেক রহমানের ব্যবহারের জন্য বিদেশ থেকে আমদানি করা বিশেষ সুবিধাসম্পন্ন একটি ‘হার্ড জিপ’ গাড়ি দেশে পৌঁছে। টয়োটা ল্যান্ডক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের এই গাড়ি ইতোমধ্যে বিএনপির নামে নিবন্ধিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দিয়েছে। এ ছাড়া নিরাপত্তার জন্য একাধিক আগ্নেয়াস্ত্রের অনুমোদন দিয়েছে সরকার।

গণসংবর্ধনা
বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে সরাসরি সংবর্ধনা মঞ্চে উঠবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ৩০০ ফিট এলাকা-সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হচ্ছে বিশাল মঞ্চ। রোববার দুপুর থেকেই মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। মঞ্চ হচ্ছে ৪৮-৩৬ ফিট। বুধবারের মধ্যে পুরো কাজ শেষ হবে। 
সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতের পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এলাকাজুড়ে মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সোমবার বিকেলে রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনাস্থল পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি। তাঁর আগমন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ নিয়ে সরকারের তরফ থেকে কোনো অসহযোগিতা নেই। 
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে ইতিহাসের সবচেয়ে বড় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংবর্ধনার অনুমতি 
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে এ-সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

১০ রুটে স্পেশাল ট্রেন    
নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের উদ্দেশ্যে বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের জন্য বিএনপির আবেদনের প্রেক্ষিতে স্পেশাল ট্রেন পরিচালনা এবং নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ কারণে স্বল্প দূরত্বের রাজবাড়ী কমিউটার (রাজবাড়ী-পোড়াদহ), ঢালারচর এক্সপ্রেস (পাবনা-রাজশাহী) এবং রোহনপুর কমিউটার (রোহনপুর-রাজশাহী) ট্রেনের বৃহস্পতিবারের যাত্রা স্থগিত থাকবে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। 

চাহিদার ভিত্তিতে স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল, ভৈরববাজার-নরসিংদী-ঢাকা-নরসিংদী-ভৈরববাজার, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট- জয়দেবপুর, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা, চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর, রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং  যশোর-ঢাকা-যশোর রুটে। এ ছাড়া নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে চাহিদার ভিত্তিতে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। স্পেশাল ট্রেন এবং অতিরিক্ত কোচে দলীয় নেতাকর্মীদের যাতায়াতের ক্ষেত্রে শর্ত হিসেবে নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫ প্রতিপালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×