নির্বাচনে অংশ নেবেন না আনোয়ার হোসেন মঞ্জু
আনোয়ার হোসেন মঞ্জু
বরিশাল ব্যুরো ও লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ০৭:২০
| প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। পিরোজপুর-২ (কাউখালী, ভাণ্ডারিয়া, নেছারাবাদ) আসনের জন্য তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। কিন্তু জমা দেওয়ার শেষ দিন গতকাল সোমবার তিনি তা জমা দেননি। এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এবং রুহুল আমিন হাওলাদারের স্ত্রী ও জাপার প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না নির্বাচন করবেন না।
গতকাল আনোয়ার হোসেন মঞ্জু সাংবাদিকদের বলেন, ‘আমি শরীরিকভাবে অসুস্থ। পিরোজপুর-২ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দেইনি।’
এর আগে বুধবার ভাণ্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও রেহেনা আক্তারের কার্যালয় থেকে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। সম্প্রতি জাতীয় পার্টির সাবেক দুই নেতা আনিসুল ইসলাম মাহমুদ (জাপা-একাংশ) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে ১৮টি দল নিয়ে আত্মপ্রকাশ করে রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। জোট থেকে সংসদ নির্বাচনে প্রার্থীও ঘোষণা করা হয়। রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনের জন্য, কাজী ফিরোজ রশীদ (ঢাকা-১০) এবং রত্না বরিশাল-৬ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। গতকাল তারা তা জমা দেননি।
রুহুল আমিন হাওলাদার গতকাল রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কিছু অনিবার্য কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি না। আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, আমাদের দল জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করছে।’ কাজী ফিরোজ রশীদ নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।
- বিষয় :
- আনোয়ার হোসেন মঞ্জু
