ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শেখ হাসিনার শোক, ‘খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি’

শেখ হাসিনার শোক, ‘খালেদা জিয়ার মৃত্যু অপূরণীয় ক্ষতি’
×

ঢাকায় ২০০০ সালে খালেদা জিয়া ও শেখ হাসিনার বৈঠক। ছবি: এএফপি

সমকাল ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫ | ১৫:৪৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ | ২০:৫৪

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে লেখা হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা এবং দেশের প্রতি অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শেখ হাসিনার শোক বার্তা শিরোনামের পোস্টে লেখা হয়েছে, ‘খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতি এবং বিএনপির নেতৃত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।’ শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার, বিশেষ করে ছেলে তারেক রহমান ও দলের সমর্থকদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি আল্লাহ তাঁদের ধৈর্য ও কঠিন সময় মোকাবিলার শক্তি দেবেন।’ সূত্র-দ্য হিন্দু

জয়ের সমবেদনা প্রকাশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পরিবারের সদস্য এবং সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশের এই সংকটময় মুহূর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে, তখন তাঁর এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। অতীতের নানা বিরাজনীতিকরণ প্রক্রিয়ার শিকার হওয়া সত্ত্বেও নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অসংখ্য সাফল্য অর্জন করেছেন এবং দেশের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করেছেন। জাতি গঠনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে; তবে তাঁর মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় একটি বড় ধাক্কা। তাঁর অসংখ্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।’

গত বছরের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বীতা বহু পুরোনো। এই দুজন বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে ৩০ বছরই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এক সময় বিদেশি গণমাধ্যমে তাদের প্রতিদ্বন্দ্বীতাকে ‘দুই বেগমের যুদ্ধ’ বা ‘ব্যাটল অব দ্য টু বেগমস’ হিসেবে উল্লেখ করা হতো।

আরও পড়ুনব্যাটলিং বেগমস, খালেদা জিয়া, ক্ষমতা ও প্রতিরোধের এক জীবন

আরও পড়ুন

×