ওয়াশ বিষয়ক উদ্যোগ নিয়ে কাজ করবে ওয়াটারএইড বাংলাদেশ ও সমকাল
ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম ও পলিসি অ্যাডভোকেসি) পার্থ হেফাজ সেখ এবং সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী উভয় প্রতিষ্ঠানের পক্ষে দুই বছর মেয়াদী এই অংশীদারিত্ব স্বাক্ষর করেন। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ২১:২৬
দেশের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) বিষয়ক নানা কার্যক্রম, উদ্যোগ, মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াটারএইড বাংলাদেশ ও সমকাল। এ লক্ষ্যে রোববার উভয় প্রতিষ্ঠান কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।
সমকাল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়াটারএইড বাংলাদেশের পরিচালক (প্রোগ্রাম ও পলিসি অ্যাডভোকেসি) পার্থ হেফাজ সেখ এবং সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী উভয় প্রতিষ্ঠানের পক্ষে দুই বছর মেয়াদী এই অংশীদারিত্ব স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে পার্থ হেফাজ সেখ বলেন, বাংলাদেশে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার যাত্রায় মূলধারার গণমাধ্যম সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের অনুসন্ধানী ও গঠনমূলক লেখনী এবং মানুষের গল্প তুলে ধরার ক্ষমতা সমাজে সচেতনতা তৈরি করে, নীতি আলোচনায় প্রভাব ফেলে এবং স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে। সমকালের সঙ্গে আমাদের এই নতুন সহযোগিতা সেই পরিবর্তনের গতি আরও বাড়াতে সাহায্য করবে।
অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা উল্লেখ করে সমকাল সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী বলেন, পানি ও স্যানিটেশন শুধু উন্নয়ন খাতের বিষয় নয়; এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক ন্যায়ের সঙ্গে সরাসরি যুক্ত। এই খাতে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজন দিন দিন বাড়ছে। ওয়াটারএইড বাংলাদেশের সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে আমরা মাঠপর্যায়ের বাস্তবতা, নীতিগত চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধানগুলো আরও গভীরভাবে পাঠকের সামনে তুলে ধরতে চাই।
অনুষ্ঠানে ওয়াটারএইডের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন, অর্থ ও তথ্যপ্রযুক্তি) পারভেজ সাজ্জাদ, যোগাযোগ সমন্বয়ক প্লাবন গঙ্গোপাধ্যায়, যোগাযোগ বিশেষজ্ঞ অরিত্র অংকন মিত্র এবং যোগাযোগ কর্মকর্তা শিং মং প্রু মারমা। সমকালের পক্ষে ইভেন্ট প্রধান হাসান জাকির ও উপ-মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ আরিফুল হক উপস্থিত ছিলেন।
উভয় প্রতিষ্ঠানের মধ্যকার এই অংশীদারিত্বের উদ্দেশ্য সম্পর্কে প্লাবন গঙ্গোপাধ্যায় বলেন, সমকালের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের জন্য পানি ও স্যানিটেশন খাতকে আরও গভীরভাবে জনআলোচনায় আনার সুযোগ তৈরি করবে। তথ্যভিত্তিক প্রতিবেদন ও মানবিক গল্প তুলে ধরার মাধ্যমে সামাজিক ও রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী পরিসরে এ সংক্রান্ত আলোচনাকে শক্তিশালী করাই আমাদের যৌথ উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, আমাদের বিশেষায়িত কার্যক্রম ও সমকালের তথ্যভিত্তিক সাংবাদিকতার সমন্বয়ে ওয়াশ নিয়ে সমাজে অর্থবহ আলোচনার দরজা খুলবে।
চুক্তি অনুযায়ী, আগামী দুই বছর উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সরকারি-বেসরকারি অংশীদারদের সম্পৃক্ত করে বিশেষ প্রতিবেদন, ধারাবাহিক লেখা, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ওয়াশ বিষয়ক নানাবিধ সমস্যা ও সেগুলো সমাধানে গৃহীত উদ্যোগ, সাক্ষাৎকার, গবেষণানির্ভর বিশ্লেষণ প্রকাশ, গোলটেবিল আলোচনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি, পানি ও স্যানিটেশন বিষয়ে দেশের সাফল্য, উদ্ভাবন এবং চ্যালেঞ্জ নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণামূলক উদ্যোগও নেওয়া হবে।
- বিষয় :
- সমকাল
- চুক্তি স্বাক্ষর
