ওবায়দুল কাদের ও ১৩ সাবেক সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দিলীপ আগরওয়ালার স্ত্রীর বাণিজ্যিক স্পেস, দোকানসহ জমি জব্দের আদেশ
ওবায়দুল কাদের
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ০৭:৩৭
| প্রিন্ট সংস্করণ
পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ১৩ সাবেক সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
১৩ সাবেক সচিব হলেন– সেতু বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব কামাল উদ্দীন আহমদ, সাবেক বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস, সাবেক ভূমি সচিব আবদুল জলিল, সাবেক পানি সম্পদ সচিব ড. জাফর আহমেদ খান, সাবেক সিএএজি ও সোনালী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ড. মোহাম্মদ মুসলিম চৌধুরী, সংসদবিষয়ক বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, সাবেক রেলপথ সচিব মোফাজ্জেল হোসেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী শফিকুল আযম, সাবেক প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূঁইয়া এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবু হেনা মো. রহমাতুল মুনিম।
দিলীপ আগরওয়ালার স্ত্রীর জমি জব্দের আদেশ
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার স্ত্রী সবিতা আগরওয়ালার ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের বাণিজ্যিক স্পেস, দোকান ও জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের করা আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আদালতের আদেশের ফলে সবিতা আগরওয়ালার মালিকানাধীন যেসব সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো– চুয়াডাঙ্গা সদর এলাকায় ৬৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ০.৪৩৯৭ একর জমি। রাজশাহীর বোয়ালিয়ার থিম ওমর প্লাজায় ৩৩ লাখ ৯১ হাজার টাকা মূল্যের নির্মাণাধীন দোকান ও জমি। ঢাকার রমনা এলাকায় ৭ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৩৯ বর্গফুটের বাণিজ্যিক স্পেস।
খালিদ মাহমুদের জমি-গাড়ি জব্দ করে ‘রিসিভার’ নিয়োগ
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নামে থাকা জমি-গাড়ি জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের করা আবেদনের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
খালিদ মাহমুদের ক্রোক করা সম্পত্তি ও সম্পদের মধ্যে আছে ৭০ বিঘা জমি, ৫ কাঠার প্লট ও ৭০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জিপ গাড়ি। এ ছাড়া ছয়টি ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও এফডিআর অবরুদ্ধ করা হয়েছে। খালিদ মাহমুদের নামে অর্জিত স্থাবর সম্পদ ক্রোকের পাশাপাশি সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য ‘রিসিভার’ নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে।
- বিষয় :
- ওবায়দুল কাদের
