ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্যারাসুট জাম্পে গিনেস রেকর্ডসে নতুন অর্জন

প্যারাসুট জাম্পে গিনেস রেকর্ডসে নতুন অর্জন
×

মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে মনোমুগ্ধকর ‘এয়ার শো’ অনুষ্ঠিত হয়। এতে লাল-সবুজের পতাকা নিয়ে নেমে আসছেন এক প্যারাট্রুপার - ফাইল ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬ | ০৮:৩২

| প্রিন্ট সংস্করণ

বিশেষ প্যারাসুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়, ‘মোস্ট ফ্লাগস ফ্লোওন সিমুলটেনিয়াসলি হোয়াইল স্কাইডাইভিং (প্যারাসুট জাম্প)’ শিরোনামে এই রেকর্ডটি অর্জন করে টিম বাংলাদেশ।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাসুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী অভিযানে আকাশে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি পতাকা। এ অভিযানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা ছিলেন। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে সশস্ত্র বাহিনী বিভাগ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়, বাংলাদেশের স্কাইডাইভারদের একটি ঐতিহাসিক অর্জনে ঐক্যবদ্ধ করতে এবং জাতীয় ঐক্য প্রদর্শনের লক্ষ্যে দলটি এই রেকর্ড গড়ার প্রচেষ্টা চালায়। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

আইএসপিআর বলেছে, এই অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয়; এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন

×