ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পুষ্প

শীতের ফুল প্যানজি

শীতের ফুল প্যানজি
×

ময়মনসিংহের কাচারিঘাটের নার্সারিতে প্যানজি ফুল - লেখক

চয়ন বিকাশ ভদ্র

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:১৯

| প্রিন্ট সংস্করণ

প্যানজি বা প্যানসি একটি জনপ্রিয় শীতকালীন ফুল, বিরুৎ জাতীয় উদ্ভিদ। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফোটে এই ফুল। ফুল বিভিন্ন উজ্জ্বল রঙের হয়। এটি টবে, বাগানে বা ছাদে লাগানো যায় । Pansy এসেছে ফরাসি শব্দ ‘pansee’ থেকে যার অর্থ ‘স্মৃতি’ বা ‘চিন্তা’। 

শৌখিন উদ্ভিদপ্রেমীদের হাত ধরে অনেক উদ্ভিদ আমাদের দেশে এসে জনপ্রিয় হয়েছে। প্যানজি তার একটি। গত ১ জানুয়ারি ময়মনসিংহের একটি নার্সারিতে এ ফুলের দেখা পাই। অনেক ফুলের ভিড়ে নীল রঙের এই ফুল দৃষ্টি কেড়েছিল আমার। 

ইংরেজিতে এই উদ্ভিদ Viola, Pansy, Pansy Violet ইত্যাদি নামে পরিচিত। এটি Violaceae পরিবারের একটি উদ্ভিদ। হাইব্রিড প্রজাতির মধ্যে Viola x wittrockiana উল্লেখযোগ্য। এর ফুলগুলো বিভিন্ন রঙের হয়।

উদ্ভিদটি উচ্চতায় ছয় থেকে ১০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। সূর্যের আলো পড়ে এমন জায়গা অথবা আধোছায়াময় স্থানে এই উদ্ভিদের বৃদ্ধি ভালো হয় এবং এরা ঠান্ডা আবহাওয়া সহ্য করতে পারে। অক্টোবর থেকে নভেম্বর মাস চারা রোপণের উপযুক্ত সময়।
উদ্ভিদের পাতা রসালো, সবুজ। পাতার কিনারা নকশা করা। পাতার ভেতর রং-বেরঙের ফুল মন ভরিয়ে দেয়। একই ফুলের পাপড়ি বিভিন্ন রঙের হয়ে থাকে।
ফুলের ব্যাস ৫ থেকে ৮ সেন্টিমিটার। এই ফুল সাধারণত সাদা বা হলুদ, বেগুনি বা নীল রঙের হয়। প্যানসি ফুলে ওপরে দুটি পাপড়ি, তার মধ্যে একটি পাপড়ি আরেকটি পাপড়িকে ঢেকে রাখে, দুই পাশে দুটি পাপড়ি এবং নিচে একক পাপড়ি থাকে। 

আধুনিক উদ্যানতত্ত্ববিদরা ‘প্যানসি’ শব্দটি ব্যবহার করেন বহু রঙের বৃহৎ ফুলের সংকর প্রজাতির জন্য। এগুলোকে প্রতিবছর চারা তৈরি করে জন্মানো হয়। ‘ভায়োলা’ শব্দটি সাধারণত ছোট, বর্ষজীবী এবং বহুবর্ষজীবী উদ্ভিদের জন্য ব্যবহার করা হয়। উদ্ভিদ বড় হলে বা ফুল ছোট হয়ে গেলে গোড়া থেকে ছেঁটে দিলে নতুন ডালে আবার ফুল আসে। 
স্ক্যান্ডিনেভিয়া, স্কটল্যান্ড এবং জার্মানিতে প্যানসি ফুলকে ‘সৎমা’ ফুল বলা হয়। এটা নিয়ে একটা গল্প আছে। শিশুদের স্বার্থপর সৎমা সম্পর্কে গল্প বলার সময় গল্পকথক ফুলের সংশ্লিষ্ট অংশগুলো ছিঁড়ে ফেলেন। এই ফুলের জার্মান নাম হলো Stiefmutterchen (আক্ষরিক অর্থে ‘ছোট সৎমা’)। 

গল্পের জার্মান সংস্করণে ফুলের নিচের পাপড়িটি সৎমাকে প্রতিনিধিত্ব করে, বড় ওপরের পাপড়িগুলো তার কন্যাদের প্রতিনিধিত্ব করে এবং ছোট ওপরের পাপড়িগুলো তার সৎ কন্যাদের প্রতিনিধিত্ব করে। 
ফুলের চেক নাম maceska, এর অর্থ ‘ছোট সৎমা’। এই ফুলের সঙ্গে একটি দুষ্ট মহিলার বিষণ্ন মুখের মিল থাকায় এর এ রকম নাম হয়েছে । 
১৮৩৯ সালে ‘মেডোরা’ নাম নিয়ে প্যানসির আবির্ভাব ঘটে। এটি সমুদ্রের হৃদয় থেকে উদ্ভূত হয়েছিল, যেগুলোকে আগে আগাছা হিসেবে বিবেচনা করা হতো। বর্তমানে বিশ্বে ১০০০টিরও বেশি ধরনের প্যানসি পাওয়া যায়। 

রানী এলিজাবেথের সূচিকর্ম করা বইটিতে প্যানসি চিত্রিত হয়েছিল। ফরাসি অর্থের কারণে প্যানসি ‘মুক্ত চিন্তা’র প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। 
লেখক: উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক
ও প্রকৃতিবিষয়ক লেখক  

আরও পড়ুন

×