ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বিদায়ী প্রেস ব্রিফিংয়ে জ্বালানি উপদেষ্টা

দেশের উন্নয়নের জন্য আগামী সরকারকে সহায়তা করতে হবে

দেশের উন্নয়নের জন্য আগামী সরকারকে সহায়তা করতে হবে
×

মুহাম্মদ ফাওজুল কবির

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কম থাকার কারণে অনেক কাজ করতে পারেনি। তবে আগামী সরকারকে কাজ করার সময় দিতে হবে। বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নের জন্য আগামী সরকারের স্থিতিশীল হতে হবে। তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, অধৈর্য হবেন না। সরকারকে সহায়তা করবেন। এটা না করলে দেশের ক্ষতি হবে। 
গতকাল বিদ্যুৎ ভবনে বিদায়ী প্রেস ব্রিফিংয়ে তিনি বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, রেল ও সেতু বিভাগের কর্মকাণ্ড সাংবাদিকদের সামনে তুলে ধরেন। 

ফাওজুল কবির খান বলেন, বিদ্যুৎ উৎপাদনের খরচ কমাতে হবে। এ সরকারের হাতে জাদুর কাঠি নেই যে চাইলেই বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্ন সংকট সমাধানে কাজ করবে। সরকারকে ফেলে দিতে কারণে-অকারণে এক বছরে ১৭০টি আন্দোলন করা হয়েছে। ১৮ মাসে চাইলেও অনেক কাজ করা যায়নি। বিশেষ করে অনেক আমলা নিজের স্বার্থবিরোধী কিছু করতে চান না। 
বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ খাতে আরও শৃঙ্খলা আনতে উৎপাদন খরচ কমাতে হবে। বিদ্যুতের দাম কিছুটা সমন্বয় (বাড়াতে) করতে হবে। তবে জ্বালানি খাত অনেক ভালো অবস্থায় আছে। গ্যাসের সরবরাহ বাড়াতে তৃতীয় এলএনজি টার্মিনাল বসাতে জি টু জির ভিত্তিতে একটি কোম্পানির প্রস্তাব (সৌদি আরএমকো) চূড়ান্ত করা আছে। প্রস্তাবটি সামিট ও এক্সিলারেটের টার্মিনালের চেয়ে অনেক স্বস্তা। তবে অন্তর্বর্তী সরকারের সময় শেষের দিকে হওয়ায় ওই কোম্পানি চুক্তি সই করতে অপারগতা প্রকাশ করে। 

বিদ্যুৎ ও জ্বালানিকে দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে পেয়েছেন উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, সেখান থেকে একটি স্বচ্ছ প্রক্রিয়ায় আনতে প্রথমেই দরপত্রবিহীন কাজ পাওয়ার বিশেষ আইন বাতিল করা হয়েছে। বিচারপতি মইনুল ইসলামের নেতৃত্বে জাতীয় কমিটি পুরো বিদ্যুৎ খাত নিয়ে একটি প্রতিবেদন গত মাসে দিয়েছে। সেখানে আদানির বিষয়টিও আছে। আগামী সরকারের জন্য এ খাতে পরামর্শ দিয়ে একটি চিঠি রেখে যাব। 

রেল ও সড়কপথ নিয়ে তিনি বলেন, রেলের এক টাকা আয়ের জন্য আগে আড়াই টাকা খরচ করতে হতো। এখন সেটা ১ টাকা ৮০ পয়সায় নামানো হয়েছে। আর সড়কে অনেক চেষ্টা করেও টেন্ডার সিন্ডিকেট ভাঙতে পারিনি। কারণ আগে থেকে বিভিন্ন শর্ত দিয়ে রাখা হয়েছে। 
সংবাদ সম্মেলনে ফাওজুল কবির খানের অধীন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের ছয় সচিব উপস্থিত ছিলেন। এর আগে জ্বালানি উপদেষ্টা ফোরাম ফর এনার্জি রিপোর্টারস বাংলাদেশের ‘এনার্জি ফর চেঞ্জ’ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

আরও পড়ুন

×