‘আগে ভোট, তারপর বিয়ে’
বরের সাজে কেন্দ্রে সামিউল
বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে বরের সাজে ভোটকেন্দ্রে নীলফামারীর সৈয়দপুরের যুবক সামিউল - সমকাল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:১৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮:৪৭
নিজের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে নীলফামারীর সৈয়দপুরের যুবক সামিউল ইসলাম বেছে নিয়েছিলেন ১২ ফেব্রুয়ারির তারিখটি। তার ধারণা ছিল, ভোটের উৎসবে সারাদেশ যখন মাতোয়ারা, তখন তার ব্যক্তিগত আনন্দও সেই উৎসবের অংশ হবে। বৃহস্পতিবার সেই মাহেন্দ্রক্ষণ আসতেই বরযাত্রী নিয়ে কনের বাড়ির দিকে না ছুটে সামিউল ছুটলেন ভোটকেন্দ্রের দিকে। পরনে বরের রাজকীয় পোশাক, মাথায় পাগড়ি—এমন সাজেই তিনি হাজির হলেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আগে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করলেন, তারপর রওনা হলেন জীবনের নতুন ইনিংস শুরু করতে।
নীলফামারী-৪ আসনের এই অনন্য দৃশ্যটি দেখে কেন্দ্রে উপস্থিত সাধারণ ভোটার ও কর্মকর্তারা অবাক হয়ে যান। ৩২ বছর বয়সী সামিউল সৈয়দপুরের নিয়ামতপুর সরকারপাড়া এলাকার মনজুরুল ইসলামের ছেলে এবং পেশায় ব্যবসায়ী। বিয়ের পিঁড়িতে বসার আগে ভোটাধিকার প্রয়োগ করে প্রমাণ করলেন, ব্যক্তিগত আনন্দের চেয়েও নাগরিক দায়িত্ব কোনো অংশে কম নয়।
কেন্দ্রে উপস্থিত ভোটার আরিফ ইউসুফ বিস্ময় প্রকাশ করে বলেন, ‘বিয়ের দিনেও ভোট দিতে আসার এই সিদ্ধান্ত তরুণ সমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক অভাবনীয় উদাহরণ।’
ভোট দেওয়া শেষে হাস্যোজ্জ্বল সামিউল ইসলাম বলেন, ‘ভোট শুধু অধিকার নয়, এটি আমাদের পবিত্র দায়িত্ব। জীবনের যেকোনো ব্যস্ত সময়ে, এমনকি আজকের মতো ব্যক্তিগত আনন্দের দিনেও আমি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চেয়েছি। তাই সিদ্ধান্ত নিয়েছি–আগে ভোট, পরে বিয়ে। এতে আমার দাম্পত্য জীবনও ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকল।’
সামিউলের এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তার প্রতিবেশী ও স্বজনরা। তার সঙ্গে কেন্দ্রে আসা প্রতিবেশী মাসুম আহমেদ ও রইজ উদ্দিন বলেন, ‘সামিউল আজ আমাদের সবার কাছে অনুপ্রেরণা। তাকে দেখে সাধারণ ভোটারদের মাঝেও ভোট দেওয়ার উৎসাহ কয়েক গুণ বেড়ে গেছে।’ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে সামিউলের এই দায়িত্ববোধ নীলফামারীর ভোটের আমেজকে আরও রঙিন করে তুলেছে।
