ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

নাগরিক কোয়ালিশনের দাবি

নির্বাচন পরবর্তী সহিংসতায় দ্রুত ব্যবস্থা নিতে হবে

নির্বাচন পরবর্তী সহিংসতায় দ্রুত ব্যবস্থা নিতে হবে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:১৮

নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক কোয়ালিশন। শনিবার এক বিবৃতিতে সংগঠনটি নির্বাচন পরবর্তী প্রতিটি সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার দেশের ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন হয়। নির্বাচনের দিন ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দলগুলোর ভূমিকা দেশে ও বিদেশে প্রশংসিত হয়। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টা পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়তে থাকে। ইতোমধ্যে শতাধিক সহিংস ঘটনার সংবাদ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, নির্বাচনে অংশ নেওয়া পরাজিত প্রার্থীদের সমর্থকদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচন ফলাফল ঘোষণার পর এ পর্যন্ত অন্তত ৪২টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব ঘটনায় একজন নিহত হয়েছেন।

বিবৃতিতে নাগরিক কোয়ালিশন বলেছে, বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে এমন সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ফলাফল ঘোষণার পর সহিংসতার এই প্রবণতা গণতান্ত্রিক চর্চাকে প্রশ্নবিদ্ধ করছে।

সংগঠনটি অন্তর্বর্তী সরকারের প্রতি নাগরিকদের জানমাল রক্ষার পাশাপাশি দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি তৃণমূল পর্যায়ে জরুরি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নাগরিক কোয়ালিশনের মতে, নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ করা এখন রাষ্ট্রের জন্য অগ্রাধিকার হওয়া উচিত। অন্যথায় গণতান্ত্রিক উত্তরণের প্রত্যাশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

আরও পড়ুন

×