মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের বেঙ্গল ফাউন্ডেশন পরিদর্শন
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:৪০
রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। বুধবার সকালে তাকে স্বাগত জানান বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, মহাপরিচালক ও ট্রাস্টি লুভা নাহিদ চৌধুরী এবং পরিচালক আতাউর রহমান।
পরিদর্শনকালে তিনি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সম্প্রতি সম্পন্ন হওয়া এস. এম. সুলতান শিল্পকর্ম সংরক্ষণ প্রকল্প সম্পর্কে একটি সারসংক্ষেপ গ্রহণ করেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন-এর সহায়তায় বেঙ্গল ফাউন্ডেশন এই প্রকল্প বাস্তবায়ন করে।
প্রকল্পটি প্রখ্যাত বাংলাদেশি শিল্পী এস. এম. সুলতানের শিল্পকর্মের গবেষণা ও সংরক্ষণকে কেন্দ্র করে পরিচালিত হয়। এতে শিল্প-ইতিহাসভিত্তিক গবেষণার মাধ্যমে টেকসই সংরক্ষণ কৌশল, পদ্ধতি এবং পুনরুদ্ধার মডেল প্রণয়ন করা হয়েছে, যা সুলতানের স্বতন্ত্র শিল্পভাবনা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল উদীয়মান বাংলাদেশি শিল্পসংরক্ষণবিদদের প্রশিক্ষণ প্রদান, যা দেশের নিজস্ব সংরক্ষণ দক্ষতা ও দীর্ঘমেয়াদি সংরক্ষণ সক্ষমতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
সুলতান আর্ট কনজারভেশন স্টুডিওতে উপস্থাপনা শেষে রাষ্ট্রদূত বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিনিধিদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
মধ্যাহ্নভোজের পর তিনি বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনী হল পরিদর্শন করেন, যেখানে বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহের নির্বাচিত শিল্পকর্ম প্রদর্শিত হয়। রাষ্ট্রদূত বেঙ্গল বই প্রাঙ্গণও পরিদর্শন করেন এবং ফাউন্ডেশনের প্রকাশনা, সংগীত ও কারুশিল্প কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী ডিয়ানে দাও; ডেপুটি ম্যানেজমেন্ট অফিসার জেনিফার জনসন; পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সেলর মনিকা শি; পাবলিক এনগেজমেন্ট স্পেশালিস্ট রাইহানা সুলতানা; এবং মার্কিন দূতাবাস ঢাকা’র পাবলিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর ফারোহা সুহরাওয়ার্দী।
- বিষয় :
- মার্কিন রাষ্ট্রদূত
