ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৩৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০০

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কার্যক্রমের ওপর শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারে থাকা জাতীয় স্বার্থবিরোধী ভূমিকায় লিপ্ত ব্যক্তিদের বিচারের দাবি জানানো হয়েছে।

গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক অধিকার কমিটি জানায়, গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সভা থেকে এই দাবি জানানো হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সভাটি হয়।

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দীপা দত্ত, মাহতাবউদ্দীন আহমেদ, চৌধুরী মুফাদ আহমেদ, ডা. জয়দীপ ভট্টাচার্য, সদরুল হাসান রিপন, মহসিন আলী, ডা. নাজমুস সাকিব, সত্যজিৎ বিশ্বাস, ইকবাল কবীর, দীলিপ রায়, রাফিকুজ্জামান ফরিদ, ছায়েদুল হক নিশান, অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ, আকরাম খান, রাফসান আহমেদ, মারজিয়া প্রভা ও ফখরুদ্দিন কবীর আতিক।

সভায় অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জনসম্মতির বিরুদ্ধে গিয়ে ‘স্বেচ্ছাচারী তড়িঘড়ি ও অস্বচ্ছতার সঙ্গে’ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, এ ধরনের চুক্তি বাংলাদেশকে স্থায়ীভাবে শৃঙ্খলিত, অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত এবং যুক্তরাষ্ট্রের অধীন করার ষড়যন্ত্র, যা সার্বভৌমত্বের ওপর নজিরবিহীন আক্রমণ।

অবিলম্বে নির্বাচিত সরকারকে এই অবৈধ চুক্তির পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা জাতীয় স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তির মূল কারিগর, তাঁকেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করা হয়েছে। এটা খুবই উদ্বেগজনক। 

সভায় নির্বাচন-পরবর্তী বিভিন্ন স্থানে সহিংসতা এবং হাতিয়ায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে সভায় বম জনগোষ্ঠীসহ মিথ্যা অভিযোগে নির্বিচারে দীর্ঘদিন আটক করে ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন

×