ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কঠোর হুঁশিয়ারিতেও থামছে না চাঁদাবাজি, ক্ষোভ

কঠোর হুঁশিয়ারিতেও থামছে না চাঁদাবাজি, ক্ষোভ
×

 সমকাল ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৪৭

| প্রিন্ট সংস্করণ

চাঁদাবাজির বিরুদ্ধে নতুন সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তবু থামছে না চাঁদাবাজদের দৌরাত্ম্য। অনেক স্থানে ক্ষমতাসীন দল বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। তবে স্থানীয় এমপি, পুলিশ ও বিএনপি নেতারা বলছেন, তারা কোনোভাবেই চাঁদাবাজিকে প্রশ্রয় দেবেন না। গতকাল মঙ্গলবারও চাঁদাবাজির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন। ফরিদপুরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুরে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
ফরিদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হাড়োকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। ইউনিব্লক সড়কটির কাজ করছে মেসার্স মির্জা কনস্ট্রাকশন নামে সিরাজগঞ্জের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটির তদারকিতে রয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় বাসিন্দা মুরাদ শেখ। 

সংশ্লিষ্টদের অভিযোগ, গত ২১ ফেব্রুয়ারি সড়ক নির্মাণকাজে বাধা দেন ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাহার শেখের নেতৃত্বে ৮ থেকে ১০ জন। তারা শ্রমিকদের হাত কেটে ফেলারও হুমকি দেন। এ ছাড়া দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেন মুরাদ শেখ।  
অভিযোগ বিষয়ে বাহার শেখ বলেন, শুক্রবার মুরাদ শেখ নিজেই আমাকে দেখা করতে বলে। আমি অন্যায়ের প্রতিবাদ করায় আমার নামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। ঠিকাদার চক্র আমাকে ফাঁদে আটকে ফেলেছে।

সড়ক নির্মাণকাজে দায়িত্বরত ফরিদপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী লাইজিং হোসেন রাজু বলেন, কাজে কিছুটা অনিয়ম হচ্ছে, আমিও দেখেছি। সতর্ক করা হয়েছে। এটাকে পুঁজি করে স্থানীয় একটি গ্রুপ টাকা দাবি করেছে বলে শুনেছি।

তাহিরপুরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং 
সুনামগঞ্জের নৌপথে টোল আদায়ের নামে স্থানে স্থানে হচ্ছে চাঁদাবাজি। এর প্রেক্ষিতে গতকাল স্থানীয় এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে যাদুকাটা-আবুয়া নদীতে মাইকিং করে টোল বা খাস আদায়ের সরকারি মূল্য তালিকা প্রচার করা হয়েছে। টোল বা খাস আদায়ের নামে বা অন্য কোনোভাবে নির্ধরিত হারের চেয়ে কেউ বেশি টাকা আদায় করতে পারবে না। 
তবে প্রশাসনের হুঁশিয়ারির পরও বিভিন্ন ঘাটে বেশি টাকা আদায় চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমপি কামরুজ্জামান কামরুল বলেন, কর্তৃপক্ষের নির্ধারিত হারে ঘাটে টোল আদায় করার নির্দেশ দিয়েছি। কোথাও জোর-জুলুম-চাঁদাবাজি চলবে না। গাফিলতি দেখলে হস্তক্ষেপ করব। 

ঝিনাইদহে বাজারে চাঁদাবাজির প্রতিবাদ
ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজার থেকে অতিরিক্ত খাজনা আদায় ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে ইজারাদার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তারুজ্জামানের বিরুদ্ধে। এ নিয়ে গতকাল নতুন হাটখোলা মৎস্য আড়তে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা। 
অভিযোগ বিষয়ে জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান বলেন, পৌরসভার নির্ধারিত চার্টের বাইরে কোনো টাকা নেওয়া হচ্ছে না। 

নারায়ণগঞ্জে নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ
নারায়ণগঞ্জে গত ২২ ফেব্রুয়ারি চাঁদার দাবিতে ব্যবসায়ী সুমন মিয়াকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। সুমন জানান, ওই সন্ত্রাসীরা নিজেদের নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের লোক দাবি করে ২০ হাজার টাকা চাঁদা চায়। এ ব্যাপারে এমপি আবুল কালাম বলেন, ‘বিএনপি, আমার নাম বা আমার পরিবারের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদা চায় তাকে গ্রেপ্তার করতে পুলিশকে বলে দিয়েছি।’
গত ২১ ফেব্রুয়ারি ফতুল্লার পঞ্চবটি ও আশপাশ এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে এনসিপির নেতাকর্মী দাবি করে চাঁদা চায় এক দল সন্ত্রাসী। প্রতিবাদ করায় এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিপ্লব সরকারকে মারধর করে তারা। আহত বিপ্লব সরকার জানান, স্থানীয় ইয়াসিন আরাফাতের নেতৃত্বে তার লোকেরা পঞ্চবটি এবং আশপাশ এলাকায় ব্যবসায়ীদের কাছ এনসিপির নাম ভাঙিয়ে চাঁদা আদায় করছিল। 

তবে ঘটনা অস্বীকার করে নিজেকে এনসিপির কর্মী দাবি করেন ইয়াসিন আরাফাত। এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক শওকত আলী বলেন, আরাফাত আমাদের সঙ্গে ছবি ব্যবহার করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করেন। বিষয়টি জানতে পেরে তাঁকে বহিষ্কার করেছি। বিপ্লবকে মারধরের ঘটনা জানতে পেরে ফতুল্লা থেকে নির্বাচিত এনসিপির এমপি আব্দুল্লাহ আল আমিন আরাফাতসহ অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশকে বলেছেন। 

বাউফলে চাঁদাবাজি থেকে রক্ষার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপ ইউনিয়নে স্থানীয় বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল রাঢ়ী ও তাঁর সহযোগীদের চাঁদাবাজি, জমি দখলের অভিযোগ উঠেছে। তাদের হাত থেকে রক্ষার দাবিতে গতকাল চন্দ্রদ্বীপ খেয়াঘাট এলাকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। 

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা রুহুল রাঢ়ী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর যারা অত্যাচার-নির্যাতন করেছে, তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। যারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে তাদের কিছু জামায়াত ছাড়া সবাই আওয়ামী লীগ। 
(সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর)

আরও পড়ুন

×