ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা ঘিরে আলোচনা

চুক্তিভিত্তিক চার রাষ্ট্রদূতকেও ঢাকায় বদলি

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা ঘিরে আলোচনা
×

আবিদা ইসলামকে ঢাকায় ফেরার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়

 কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১১:৫৯ | আপডেট: ০৯ মার্চ ২০২৬ | ১২:৩২

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে ঢাকায় প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর প্রত্যাহারের কথা জানানো হয়। গত ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতায় আসার পর এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হলো।

গত শনিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, আবিদা ইসলাম লন্ডনের হাইকমিশনকে আওয়ামীকরণ করে রেখেছেন। বাংলাদেশের স্বার্থ না দেখার কারণে তাঁকে প্রত্যাহার করা হয়েছে।

বিবিসি বাংলা জানায়, উপদেষ্টা হুমায়ুন কবির ‘সুখবর’ আছে উল্লেখ করে ওই ঘোষণা দেওয়ার পর তাদের স্বাগত জানাতে যাওয়া বাংলাদেশিদের কয়েকজন ‘আলহামদুলিল্লাহ’ বলে সন্তোষ প্রকাশ করেন ও হাততালি দিচ্ছেন এমন ভিডিও টেলিভিশনের খবরে দেখা গেছে ও সামাজিক মাধ্যমে প্রচার হচ্ছে। এভাবে একজন হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশে ও বিদেশে কর্মরত পেশাদার কূটনীতিকদের মধ্যেও।

সাবেক অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে পাঠায়। ১৫ ব্যাচের ওই কূটনীতিক যুক্তরাজ্যে আলোচিত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হন। শুরু থেকেই আবিদা ইসলামের নিয়োগ নিয়ে আপত্তি ছিল বিএনপি-জামায়াতের। পেশাদার কূটনীতিক আবিদা ইসলাম যুক্তরাজ্যের আগে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার (প্রধান মিশন) হিসেবেও কাজ করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত এম মাহফুজুল হক, পোল্যান্ডে মো. ময়নুল ইসলাম, মেক্সিকোতে এম মুশফিকুল ফজল (আনসারী) এবং মালদ্বীপে মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। 

আরও পড়ুন

×