আইজিপির সঙ্গে সাক্ষাৎ
প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা দিতে চায় এফবিআই
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৮:২৭ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ০৯:৫৬
| প্রিন্ট সংস্করণ
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) চার সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন। পুলিশ সদরদপ্তরে গতকাল বুধবার এ সৌজন্য সাক্ষাতে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সুহেল দাউদ। তিনি পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়া তারা সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক মাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলায় সহায়তার আগ্রহ দেখান। গতকাল পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানে হয়।
আইজিপি প্রতিনিধি দলের আগ্রহকে স্বাগত জানিয়েছেনে। তিনি এফবিআইর সঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমসহ (সিটিটিসি) বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ ভবিষ্যতে দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা চান আইজিপি
ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা প্রযুক্তিনির্ভর হতে হবে উল্লেখ করে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, বিশ্বব্যাপী অভিজ্ঞতা বলে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়। গতকাল সকালে পুলিশ স্টাফ কলেজে ‘ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ দ্রুত নগরায়ণের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগর অর্থনীতি সম্প্রসারণ এবং সড়ক ব্যবস্থাপনা রাষ্ট্রের অন্যতম চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, ঢাকা মহানগরীর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী এরই মধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, নাগরিকদের কাছে পুলিশের প্রথম পরিচয় প্রায়ই আসে ট্রাফিক পুলিশের মাধ্যমে। একজন ট্রাফিক সার্জেন্ট যখন রাস্তায় দাঁড়ান, তিনি শুধু যানবাহন নিয়ন্ত্রণ করেন না; তিনি রাষ্ট্রের আইন এবং শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন। তাঁর আচরণ, পেশাদারিত্ব এবং নৈতিকতা সরাসরি পুলিশের প্রতি জনগণের আস্থাকে প্রভাবিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম। স্বাগত বক্তব্য দেন কলেজের ভাইস রেক্টর এস এম আক্তারুজ্জামান।
- বিষয় :
- আইজিপি
