মাইকে বিভ্রাট, ২০ মিনিট পর শুরু অধিবেশন
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ১৩:৫১ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ১৩:৫২
সংসদের প্রথম অধিবেশনের মাইক বিভ্রাট তৈরি হয়েছে। মূলতবির পরে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভা পরিচালনা শুরুর পরেই মাইকে সমস্যা শুরু হয়। পরে স্পিকার হ্যান্ডমাইক দিয়ে সভা শুরু করেন। কিছুক্ষণ সভা পরিচালনা করে তিনি বলেন যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে সমস্যা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন জোহরের আযান দিচ্ছে। সংসদ অধিবেশন ২০ মিনিটের জন্য বিরতি দেওয়া হলো।
এর আগে সকাল ১১টার পরে সংসদের অধিবেশন শুরু হয়। সভার শুরুতে বিএনপির জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভা শুরু হয়। সেখানে স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে কায়সার কামাল নির্বাচিত হন। পরে সংসদের অধিবেশন কিছুক্ষণের জন্য মূলতবি ঘোষণা করা হয়। বিরতিকালে স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
মূলতবি শেষে দুপুর পৌনে একটার পরে আবারও অধিবেশন শুরু হয়। এসময় সভা পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কিছুক্ষণ সংসদের মাইকে কথা বলার চেষ্টা করেন। কিন্তু শব্দ বিভ্রাট তৈরি হয়। পরে হ্যান্ডমাইকে কথা বলা শুরু করেন স্পিকার।
স্পিকার বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাকে সংসদের স্পিকার নির্বাচিত করার জন্য সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যান্ত্রিক গোলযোগের জন্য কথাবার্তা শোনা যাচ্ছে না। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমার মূল মাইকটি অকেজো। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। এসময় সার্জেন্ট অ্যাট আর্মসের এক সদস্য স্পিকারকে কিছু বলতে দেখা যায়।
পরে স্পিকার বলেন, সতের বছর পরে একটা কার্যকর সংসদ আমরা পেয়েছি। অনভ্যস্ত সংসদ গণতান্ত্রিক বক্তব্য শুনতে অভ্যস্ত নই। সেজন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আশা করি শীঘ্রই এই অবস্থার অবসান হবে।
