নারী নির্যাতন-ধর্ষণ ও হত্যা বন্ধের দায়িত্ব সরকারের
সিপিবির সমাবেশে বক্তারা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ০৭:৫০
| প্রিন্ট সংস্করণ
সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, খুন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতারা বলেছেন, এসব বন্ধ করার দায়িত্ব সরকারের। বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটিয়ে নারী ও শিশুর বিরুদ্ধে অব্যাহত সহিংসতা বন্ধ করতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবির বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর এবং ঢাকা জেলা কমিটির সম্পাদক সাজেদা বেগম সাজু। পরিচালনা করেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার।
সভাপতির বক্তব্যে সাজ্জাদ জহির চন্দন বলেন, দেশে নারীর ওপর নির্যাতনের ঘটনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পুঁজিবাদী সমাজ ব্যবস্থা ভেঙে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে না পারলে প্রকৃত নারীমুক্তি সম্ভব নয়। নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে অব্যাহত সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সরকার পরিবর্তন হলেও নারী নির্যাতনের হার কমছে না। সীতাকুণ্ডের সাম্প্রতিক ঘটনা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনার বিরুদ্ধে সরকারের কার্যকর ও জোরালো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
- বিষয় :
- সিপিবি
