মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ
মির্জা আব্বাস
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ০৮:৩৫ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১২:০১
| প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। আজ রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানান তাঁর ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।
তিনি বলেন, মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাশন তাঁর সঙ্গে যাবেন।
মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচারের পর মির্জা আব্বাস রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। গতকাল শনিবার সকালে তাঁর সিটিস্ক্যানের রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, ‘সকালে তাঁর (মির্জা আব্বাস) সিটিস্ক্যান করা হয়েছে। ওই রিপোর্ট ভালো এসেছে। মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাঁকে দেখছেন। চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকছেন মির্জা আব্বাস।’
গত বুধবার ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তবে বৃহস্পতিবার অবস্থার অবনতি ঘটায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়। মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।
- বিষয় :
- মির্জা আব্বাস
