লক্ষ্মীপুরের সিভিল সার্জন ওএসডি
ফাইল ছবি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৯:৩৭
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একইসঙ্গে তাকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে সংযুক্ত করা হয়েছে। পরে তাকে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), ময়মনসিংহে সংযুক্ত করা হয়।
আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ বাহারুল আলমকে সিভিল সার্জনের চলতি দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২২ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৩ জুলাই থেকে তার বর্তমান কর্মস্থল থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।
ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, ‘সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন কর্মস্থলে যোগদান করব।’ তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে দালাল চক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটকে বিভিন্নভাবে সহযোগিতা করার অভিযোগ ছিল সাবেক সিভিল সার্জনের বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
নতুন সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম বলেন, ‘সরকার আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। লক্ষ্মীপুরের মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত করতে আন্তরিকভাবে কাজ করব। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে সেবার মান বাড়ানো, হাসপাতালগুলোর কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। এ কাজে সবার সহযোগিতা চাই।’