ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মেসির নীরবতায় উদ্বেগ আর প্রশ্ন আছে, উত্তর নেই

মেসির নীরবতায় উদ্বেগ আর প্রশ্ন আছে, উত্তর নেই
×

একাকী মাঠ ছাড়ার একটি মুহূর্তে লিওনেল মেসি। রোববার নিউইয়র্কে। ছবি: এএফপি

মার্কা

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৯:২৬ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ১৯:৩২

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর লিওনেল মেসির চোখের জল পুরো একটি দেশের বেদনাকে যেন ফুটিয়ে তুলেছে। তবে ম্যাচ শেষে তাঁর নীরবতা সর্বকালের সেরা ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে সমর্থকদের মনে আরও বেশি উদ্বেগ তৈরি করেছে।

মাঠে নতুন চ্যাম্পিয়নরা যখন উল্লাসে মেতে ওঠে, মেসিকে তখন দৃশ্যত বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা যায়। হয়তো এটিই তাঁর অতুলনীয় ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর ‘হয়তো’ শব্দের সঙ্গে মিশে থাকা অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। 

গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলেই আর্জেন্টিনার খেলোয়াড়দের নিয়ে মেসি মাঠ ছেড়ে যান। দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত দেননি। যদিও এমন নীরবতা তাঁর অবসরের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করে না। 

বর্তমানে ৩৯ বছর বয়সী এই খেলোয়াড়ের আবেগঘন প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ নিয়ে কথা না বলার সিদ্ধান্ত; স্বাভাবিকভাবেই এই উদ্বেগের জন্ম দিচ্ছে যে, আগামী দিনগুলোতে হয়তো বড় কোনো ঘোষণা আসতে পারে।

কেন উদ্বেগ?
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার ইতোমধ্যে আর্জেন্টিনাকে অবিস্মরণীয় কিছু উপহার দিয়েছে। এর মধ্যে আছে কোপা আমেরিকা ও ২০২২ সালের বিশ্বকাপ। এক সময় সমর্থকদের মনে আশঙ্কা ছিল, মেসি হয়তো এগুলো কোনোদিনই অর্জন করতে পারবেন না। কিন্তু এসব অর্জন ইতিহাসের পাতায় জায়গা দেওয়ার পাশাপাশি তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্কেরও অবসান ঘটিয়েছে।

মেসির প্রতিভা, দীর্ঘ খেলোয়াড়ি জীবন, ট্রফি এবং প্রভাব তাঁকে ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর এ কারণেই তাঁর বিদায় ঘিরে বেদনাদায়ক পরিস্থিতির উদ্বেগ তৈরি হয়েছে।

আর্জেন্টিনা হয়তো আরও অনেক বিশ্বমানের ফুটবলার তৈরি করতে পারবে। কিন্তু মেসির অনন্য সাধারণ প্রতিভা কিংবা জাতীয় দলের সঙ্গে তিনি যে আবেগঘন বন্ধন তৈরি করেছেন, সেটির বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয়।

কোপা আমেরিকা ফাইনালের পর (২০১৬) মেসি অবসর নিয়েছিলেন। পরে সে সিদ্ধান্ত বদলে আবার ফিরে আসেন। এবার তাঁর বয়স ও বিশ্বকাপের মতো বড় মঞ্চ আরও দূরে থাকায় অবসরের সম্ভাবনাকে অনেক বেশি বাস্তবসম্মত করে তুলেছে।

এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। ফলে আর্জেন্টিনার সমর্থকরা এখন মেসির নীরবতা ভাঙার অপেক্ষায় প্রহর গুনছেন। অনেকে আশায় বুক বাঁধছেন যে, রোববার রাতের চোখের জল কেবলই পরাজয়ের তীব্র বেদনাকে প্রকাশ করেছে, ফুটবল ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দৃশ্যকে নয়।

আরও পড়ুন

×