ঈদের দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আশঙ্কা
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৬ | ১১:১০ | আপডেট: ২১ মার্চ ২০২৬ | ১১:১১
পবিত্র ঈদুল ফিতরের দিন, অর্থাৎ শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, উপমহাদেশজুড়ে একটি বিস্তৃত বৃষ্টিবলয়ের সৃষ্টি হয়েছে। এ কারণে শুক্রবার (২০ মার্চ) দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। যার রেশ শনিবারও থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার দিবাগত রাত থেকে শুরু হয়ে শনিবার সকালে কিছুটা বিরতি নিয়ে বিকেলের দিকে ফের বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, শুক্রবারের থেকে শনিবার বেশি বৃষ্টি হতে পারে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার দিনভরও বৃষ্টি হতে পারে।
শুক্রবার বেলা ১১টার পর থেকেই রাজধানীতে প্রবল বৃষ্টি শুরু হয়। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকে। রাত ১০টার দিকেও আকাশ কিছুটা মেঘলা ছিল। রাজধানীতে সারাদিনে বৃষ্টি হয়েছে ১৭ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আগের পূর্বাভাসে জানানো হয়, শনিবার চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হওয়ার কথা ছিল। মো. বজলুর রশিদ বলেন, শনিবার উপকূলের অঞ্চলজুড়েও বৃষ্টি হতে পারে।
- বিষয় :
- আবহাওয়া অধিদপ্তর
- ঈদুল ফিতর
- বৃষ্টি
- পূর্বাভাস
