ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মানবপাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে

মানবপাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে
×

মাসুদ উদ্দিন চৌধুরী

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৯:৫৪ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ | ২১:৪১

রাজধানীর পল্টন থানায় করা মানবপাচার আইনের এক মামলায় ফেনী-৩ আসনের সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ আদেশ দেন।

এদিন বিকেল পাঁচটার পর মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনই রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করা হয়। উভয়পক্ষের শুনানির পর রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

আদালতে পাঠানোর আগে দুপুরে ডিবি পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ফেনীতে তিনটি মামলা ও ঢাকায় আটটি মামলা রয়েছে।

২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন চৌধুরী। একই বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের জুনে তাঁকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিনি ২০১১ সালের জুন পর্যন্ত ওই দায়িত্বে বহাল ছিলেন। 

২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন

×