অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল
নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ১৫:২৯ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ | ১৬:৪২
নোট বাণিজ্য ও অনিয়মের সঙ্গে সঙ্গে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তার নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে আজ রোববার নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবসে আইন কর্মকর্তাদের সঙ্গে বিনিময়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে, সকাল ১১টার দিকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের সঙ্গে নিয়ে দোয়া মোনাজাতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন নতুন অ্যাটর্নি জেনারেল।
উচ্চ আদালতে মামলাজট নিরসনে ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এক্ষেত্রে তিনি পুরোনো মামলা নিষ্পত্তিতে হাইকোর্টে পৃথক একটি বেঞ্চ গঠনের পক্ষে মতামত দেন।
উচ্চ আদালতে মামলাজট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, মামলাগুলো নিষ্পত্তি হয় বিচারিক প্রক্রিয়ায় এবং মামলাগুলো নিষ্পত্তি করেন বিচারক। বর্তমান প্রধান বিচারপতি আপিল বিভাগে অনেক পুরোনো পরে থাকা মামলা নিষ্পত্তি করেছেন। একটা হিসাব ছিল যে আপিল বিভাগে সাড়ে চার হাজার পুরোনো মামলা আছে। কিন্তু এসব মামলা হাইকোর্টে চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এই মামলা (আপিল বিভাগে) নিষ্পত্তির সময় আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, এই মামলাগুলো আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে না। এই মামলার চূড়ান্ত রুল শুনানি হাইকোর্টে করতে হবে। আমি উনাকে (প্রধান বিচারপতি) বলেছিলাম, এই মামলাগুলো নিষ্পত্তিতে হাইকোর্টে যদি একটি পৃথক বেঞ্চ করে দেন তাহলে ভালো ফল পাওয়া যাবে। অনেক মামলার বিষয়বস্তু অলরেডি (কার্যকর) এখন নেই। তিনি বলেছিলেন, এটি ভালো প্রস্তাব। প্রধানমন্ত্রী যদি অ্যাটর্নি জেনারেল হিসেবে আমার মতামত চান আমি কিছু মতামত দেব এবং মামলাজট হ্রাস করার ক্ষেত্রে ভূমিকা রাখব।
অ্যাটর্নি জেনারেল বলেন, আইনজীবীদের মধ্যে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস সম্পর্কে একটা নোট বাণিজ্যের অভিযোগ আছে। এখানে আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করবো। আমরা এখানে কোনো অবৈধ কাজ করছি না। রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করছি। ইতঃপূর্বে এই নোট বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অনেক আইন কর্মকর্তার বিরুদ্ধে পছন্দমতো বেছে বেছে ব্যবস্থা ব্যবস্থা নেওয়ার অভিযোগ আছে। আবার কিছু ক্ষেত্রে অবৈধ লেনদেনেরও অভিযোগ আছে। আমরা কিছু ব্যক্তিকে সন্দেহের তালিকায় রেখেছি। আমার নিয়োগের পর থেকেই আমি এ ধরনের বেআইনি কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে আমরা সুস্পষ্ট বার্তা দিচ্ছি। তাদের শেষবারের মতো সতর্ক করে দিচ্ছি।
নতুন আইন কর্মকর্তা নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, মাত্রই অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ হলো। সরকার নিশ্চয়ই আগামী দিনে এ বিষয়ে চিন্তা করবে, তাদের অফিস কার্যকরভাবে চালাতে কী পরিমাণ আইন কর্মকর্তা প্রয়োজন। আমরা দক্ষতা ও যোগ্যতার উপর গুরুত্ব দিতে চাই। এটা একান্তই সরকারের সিদ্ধান্ত। আমাদের মতামত চাইলে আমরা মতামত দেবো।
এর আগে, গত বুধবার ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
- বিষয় :
- অ্যাটর্নি জেনারেল
