সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
আফজাল নাছের
আদালত প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১৮:১৭
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) আফজাল নাছেরকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস আজ সোমবার শুনানি শেষে এ আদেশ দেন।
এ দিন দেলোয়ার হোসেন হত্যা মামলায় আফজাল নাছেরের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপপরিদর্শক কফিল উদ্দিন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রোববার গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালানো হয়। এ সময় শেখ মামুন খালেদের নির্দেশে আসামিরা বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে থাকে। এতে আন্দোলনে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।
