এমএসএফের তথ্য
মার্চে রাজনৈতিক সহিংসতা বেড়ে তিন গুণ
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৫:০৭
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক সহিংসতা বেড়েছে। মার্চে রাজনৈতিক সহিংসতার ৫৬টি ঘটনায় হতাহত হয়েছেন ৪০৪ জন। তাদের মধ্যে নারীসহ ১৪ জন নিহত এবং ৩৯০ জন আহত হয়েছেন। এর আগে ফেব্রুয়ারিতে রাজনৈতিক সহিংসতার ঘটনা ছিল ১৮টি। এসব ঘটনায় দুজন নিহত এবং ১১৩ জন আহত হয়েছিলেন। অর্থাৎ সহিংসতার ঘটনা আগের মাসের তুলনায় তিন গুণ এবং নিহতের সংখ্যা সাত গুণ বেড়েছে।
বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) মার্চের মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
এমএসএফের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মার্চে রাজনৈতিক সহিংসতার বেশির ভাগ ঘটনায় সরকারি দল বিএনপির অন্তর্দ্বন্দ্ব এবং আধিপত্য বিস্তারের প্রভাব ছিল। এসব ঘটনায় নিহতদের মধ্যে বিএনপির ১০, জামায়াতের দুই এবং একজন নারীসহ দুজনের রাজনৈতিক পরিচয় সঠিকভাবে জানা যায়নি।
এমএসএফের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মার্চে গণপিটুনি ও নারীর প্রতি সহিংসতা বেড়েছে। ফেব্রুয়ারিতে গণপিটুনির ঘটনা ছিল ৩১, মার্চে তা বেড়ে হয় ৩৬। এর মধ্যে ১৯ জন নিহত ও ৩১ জন গুরুতর আহত হয়েছেন। মার্চে অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করা হয় ৫৩টি। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে দুজন ও কারা হেফাজতে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মার্চে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে তিনটি।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্চে সাংবাদিক হয়রানি, নির্যাতনের ঘটনা এবং আক্রান্ত সাংবাদিকের সংখ্যা কিছুটা কমেছে। তবে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে বাধা দেওয়ায় সরকারি দলের সংশ্লিষ্টতা গণমাধ্যমের জন্য হুমকি তৈরি করেছে। ফেব্রুয়ারিতে নির্যাতন, হামলা, হুমকি, আইনিসহ নানা হয়রানির শিকার হয়েছিলেন ৫১ সাংবাদিক। মার্চে এ ধরনের ঘটনার শিকার হয়েছেন ৩০ জন সাংবাদিক। ফেব্রুয়ারিতে সাংবাদিকদের প্রতি নানা সহিংসতার ঘটনা ছিল ১১টি। মার্চে এই সংখ্যা ১০টি।
এমএসএফ বলছে, মার্চে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনা বেড়েছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে দেশে কঠোর আইন থাকলেও অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। ফলে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার জায়গাটি প্রকট আকার ধারণ করেছে। মার্চে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ২৮৯টি; যা গত মাসের তুলনায় ৩৬টি বেশি। ফেব্রুয়ারিতে ধর্ষণের ঘটনা ছিল ৩৩টি। মার্চে ধর্ষণের ঘটনা ঘটেছে ৪৮টি।
