ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা দেবে আইএলও

জেনেভায় শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকে মহাসচিব

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে  সহায়তা দেবে আইএলও
×

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ০৭:৩৬

| প্রিন্ট সংস্করণ

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পক্ষ থেকে বাংলাদেশকে  সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংস্থার মহাপরিচালক জিলবার্ট হোংবো। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে গত মঙ্গলবার রাতে বৈঠকে এ আশ্বাস দেন মহাপরিচালক। জেনেভায় আইএলওর নির্বাহী পর্ষদের অধিবেশনের এক পর্যায়ে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রম মন্ত্রণালয় এবং জেনেভায় বাংলাদেশ মিশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

সুইজারল্যান্ডের জেনেভায় আইএলও সদরদপ্তরে গত ২৩ মার্চ ১০ দিনের এ অধিবেশন শুরু হয়েছে। শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, অতিরিক্ত সচিব ফাহমিদা আখতারসহ বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দল অধিবেশনে যোগ দিয়েছেন। আইএলওর নির্বাহী পর্যদের এটি ৩৫৬তম অধিবেশন। বছরে তিনবার এ অধিবেশন অনুষ্ঠিত হয়ে থাকে। 

বৈঠকে শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের জন্য গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এ ক্ষেত্রে আইএলওর সহযোগিতা বিশেষত আইএলও ঢাকা অফিস আরও বেশি উদ্যোগ গ্রহণ করতে পারে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে চলমান আর্টিকেল-২৬ মামলা নিষ্পত্তির বিষয়ে মহাপরিচালকের সহযোগিতা চান শ্রমমন্ত্রী। এ প্রসঙ্গে মহাপরিচালক শ্রমপরিবেশ উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সদস্যরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ আরও বাড়ানোর পরামর্শ দেন। 
শ্রমমন্ত্রী বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য আন্তর্জাতিক শ্রম মান অনুযায়ী অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক ব্র্যান্ড, বহুজাতিক কোম্পানি ও বিপণন প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা আরও সম্প্রসারিত করার ক্ষেত্রে মহাপরিচালকের সহযোগিতা কামনা করেন। এ ক্ষেত্রে বিভিন্ন সামাজিক সুরক্ষা যেমন– স্বল্পমূল্যে চিকিৎসা, দুর্ঘটনা বীমা ইত্যাদি কার্যক্রমে বহুজাতিক কোম্পানিগুলোর অবদান রাখার বড় ধরনের সুযোগ রয়েছে। 

দক্ষ কর্মী নেওয়ার অঙ্গীকার সৌদি আরবের : আইএলওর বৈঠকের অবসরে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 
বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান বৈঠকে অংশ নেন। বৈঠকে সৌদি উপমন্ত্রী আইএলওতে সৌদি আরবের বিরুদ্ধে আনা কিছু মামলার আলোচনায় বাংলাদেশ স্থায়ী মিশনের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান। 

আরও পড়ুন

×