ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তৃতীয় দফায় রিমান্ডে মাসুদ উদ্দিন 

তৃতীয় দফায় রিমান্ডে মাসুদ উদ্দিন 
×

মাসুদ উদ্দিন চৌধুরী

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৩:৫৬

সেনা নিয়ন্ত্রিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে একই মামলায় তৃতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর তিন দিনের রিমান্ডের আদেশ দেন। 

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে মামলায় ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিনকে গত ২৩ মার্চ বারিধারা ডিওএইচএস এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন এ মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। সেই রিমান্ড শেষে ২৯ মার্চ তাঁকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

গতকাল চার দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. রায়হানুর রহমান। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মাসুদ উদ্দিন চৌধুরী ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে ফেনী-৩ আসন থেকে এমপি হয়েছিলেন। তিনি ফাইভ এম ইন্টারন্যাশনাল নামের একটি রিক্রুটিং এজেন্সির এমডি। এই কোম্পানির মাধ্যমে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর পল্টন থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন আফিয়া ওভারসিজের প্রোপাইটর আলতাব খান।

আরও পড়ুন

×