ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শাজাহানপুরে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে হাজারো যাত্রী

শাজাহানপুরে বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাসড়ক অবরোধ, দুর্ভোগে হাজারো যাত্রী
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ২০:১০

বগুড়ার শাজাহানপুরে প্রস্তাবিত বগুড়া বিশ্ববিদ্যালয় দ্রুত প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার নয়মাইল এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

পরে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি দাবির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিলে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়। এর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীরা জানান, প্রায় ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। তাদের দাবি, ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ এবং পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) নিকটবর্তী হওয়ায় জামালপুর এলাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী। এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। পাশাপাশি শিক্ষা ও গবেষণার প্রসারের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।

মানববন্ধনে বক্তব্য দেন আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান, অধ্যক্ষ আব্দুল হালিম, ব্যবসায়ী দেলোয়ার হোসেন এবং আড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

আরও পড়ুন

×