খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ২০:০৫
রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ি এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্রাণ গেছে তন্ময় বর্মন আকাশ (৩০) নামে এক শিক্ষার্থীর। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নামার সময় পা পিছলে ট্রেনের নিচে চলে যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
মৃতের ছোট ভাই তমাল বর্মন হাসপাতালে জানান, ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজি নামে একটি প্রতিষ্ঠানে অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন তন্ময়। তিনি মঙ্গলবার সকালে প্রশিক্ষণের উদ্দেশ্যে গাজীপুরের বাসা থেকে ঢাকায় আসেন। ট্রেনটি খিলগাঁও এলাকা পার হওয়ার সময় গতি কমে যায়। তখন তিনি সময় ট্রেন থেকে নামার চেষ্টা করলে পা পিছলে পড়ে যান। তার পা ট্রেনের চাকায় কাটা পড়ে। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
তমাল জানান, এক পথচারীর মাধ্যমে খবর পেয়ে তারা হাসপাতালে ছুটে আসেন। তবে ভাইকে বাঁচাতে পারেননি। দুর্ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আগেই তিনি অনেক দুর্বল হয়ে পড়েন। অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তাদের বাড়ি গাজীপুরের গাছা থানার বোর্ড বাজার এলাকায়। বাবার নাম তাপস বর্মন। তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন তন্ময়। তিনি ৯ মাস আগে বিয়ে করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল ঢাকা রেলপথ থানার আওতাধীন হওয়ায় তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।