ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কিরগিজস্তানের ভিসা জটিলতায় দেড় শতাধিক বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী

কিরগিজস্তানের ভিসা জটিলতায় দেড় শতাধিক বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী
×

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ১৭:৩৭ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ | ১৭:৫২

কিরগিজস্তানে অধ্যয়নরত দেড় শতাধিক বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থী ভিসা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আটকে আছেন। ২০২৫ সালের জুলাই থেকে শুরু হওয়া এ সমস্যার কারণে তারা ইতোমধ্যে একটি পূর্ণ সেমিস্টার হারিয়েছেন এবং অনেকেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির মুখে পড়েছেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ডাকা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, কিরগিজ ভিসা পোর্টালে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি “উন্মুক্ত” দেখালেও কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাদের আবেদনগুলো অনুমোদন করা হচ্ছে না। হঠাৎ করে কোনো পূর্বঘোষণা ছাড়াই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রদান কার্যত বন্ধ হয়ে যায়। বর্তমানে কিরগিজস্তানের স্বীকৃত কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি, ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান বিশ্ববিদ্যালয়, স্যালামবিকোভ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেড় শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী এমবিবিএস কোর্সে অধ্যয়নরত। প্রশাসনিক কাজ, ভিসা নবায়ন বা বিশ্ববিদ্যালয় স্থানান্তরের মতো স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে অনেক শিক্ষার্থী সাময়িকভাবে দেশে ফিরে এসেছিলেন। কিন্তু পুনরায় ভিসার আবেদন করলে তা আটকে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মোস্তফা আবিদ। ভুক্তভোগী ছাত্রছাত্রীদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন সাদরিল হুদা, শাহনাজ আক্তার, আব্দুস সাত্তার, সাহিদা আক্তার।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা বহুমুখী ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একটি পূর্ণ সেমিস্টার ইতোমধ্যে নষ্ট হয়েছে। অনেকেই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের নোটিশ পেয়েছেন। টিউশন ফি, আবাসনসহ বিভিন্ন খাতে ব্যয় করা অর্থও ঝুঁকির মুখে। একই সঙ্গে ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে চরম অনিশ্চয়তা ও মানসিক চাপ বাড়ছে শিক্ষার্থী ও তাদের পরিবারের মধ্যে। সমস্যা সমাধানে শিক্ষার্থীরা ঢাকাস্থ কিরগিজ অনারারি কনস্যুলেট, নয়াদিল্লিস্থ কিরগিজ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগ এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান বা নির্দিষ্ট সময়সীমা পাওয়া যায়নি। এ অবস্থায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, বিষয়টি দ্রুত সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কূটনৈতিক উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হোক। পাশাপাশি তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কিরগিজ কর্তৃপক্ষের সঙ্গে জরুরি যোগাযোগ স্থাপন করে শিক্ষার্থীদের ভিসা অনুমোদন পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন। কিরগিজস্তানে বাংলাদেশি দূতাবাস বা শক্তিশালী কনস্যুলার সেবা চালুর দাবিও তুলেছেন তারা। 
শিক্ষা মন্ত্রণালয়ের কাছেও শিক্ষার্থীরা আহ্বান জানিয়েছেন, যাতে কিরগিজ শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে তাদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করা হয়। অন্যদিকে কিরগিজ কর্তৃপক্ষের কাছে বিশেষ বিবেচনায় চলমান শিক্ষার্থীদের জন্য পৃথক ভিসা অনুমোদন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরও পড়ুন

×