পিএসসি বছরে একটি বিসিএস শেষ করতে চায়: ড. মোবাশ্বের মোনেম
অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬ | ২২:০০
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার পথনকশা নিয়ে কাজ করছে পিএসসি। তবে এটি বাস্তবায়নে কমিশনের প্রশাসনিক ও আর্থিক স্বাধীনতা প্রয়োজন। বিগত সময়ে পিএসসির প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। প্রিলিমিনারি থেকে শুরু করে চূড়ান্ত ফল পর্যন্ত প্রতিটি ধাপে যেন ন্যায্যতা নিশ্চিত হয়, সে অনুযায়ী কমিশন কাজ করে যাচ্ছে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি ভবনে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতে কমিশন ভবন চত্বরে স্থাপিত মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কর্মসূচি উদ্বোধন করেন অতিথিরা। এরপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মাল্টিপারপাস হলে পিএসসির সাম্প্রতিক অর্জনবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ প্রধান অতিথি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন কমিশন সচিবালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইসমাইল জবিউল্লাহ বলেন, একটি বিসিএস পরীক্ষার সম্পূর্ণ প্রক্রিয়া এক বছরের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন। নিয়োগ প্রক্রিয়াকে আরও আধুনিক করার মাধ্যমে মেধাবী তরুণদের দ্রুত রাষ্ট্রীয় সেবায় সম্পৃক্ত করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
