আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাকর্ম উপস্থাপন করবেন জবির পাঁচ শিক্ষার্থী
আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাকর্ম উপস্থাপন করতে যাওয়া শিক্ষার্থীরা। ছবি-সমকাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ১৫:৫০
ভারতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়ে গবেষণাকর্ম উপস্থাপন করতে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পাঁচ শিক্ষার্থী।
‘দ্বিতীয় আন্তর্জাতিক অ্যাডভান্স ইন কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস সায়েন্স ২০২৬ (ACMS-2026)’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে সেন্ট্রাল ইনস্টিটিউট অব এডুকেশন, ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ এবং সেন্ট্রাল ইনস্টিটিউট অব পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। আগামী ১২ থেকে ১৪ এপ্রিল ভারতের কলকাতা-র যাদবপুর বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত হবে এ কনফারেন্স।
রসায়ন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী অমৃত রায়, নাঈম হোসেন, মো. আল-ইমরান, আতিকুল ইসলাম ও মো. স্বপন হোসাইন এতে অংশ নেবেন। তারা পোস্টার ও ওরাল প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের গবেষণাকর্ম উপস্থাপন করবেন।
এ উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের জন্য যেমন গর্বের, তেমনি বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি একটি অর্জন।
গবেষণা পরিচালক অধ্যাপক ইমরানুল হক বলেন, আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ শিক্ষার্থীদের গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল হক জানান, বিভাগের ১৪তম ব্যাচের এসব শিক্ষার্থী আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তাদের গবেষণা উপস্থাপন করবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীরা এভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
উল্লেখ্য, ম্যাটেরিয়ালস সায়েন্স রিসার্চ ল্যাবের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা চারটি গবেষণাকর্ম উপস্থাপন করবেন। তাদের ভ্রমণ ভাতা ও অন্যান্য সহায়তায় পৃষ্ঠপোষকতা করেছেন সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র সরকার।
- বিষয় :
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
