ভার্চুয়াল আদালত প্রত্যাহার চেয়ে আইনজীবীদের বিক্ষোভ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ০৯:০০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ১০:৫৫
| প্রিন্ট সংস্করণ
সপ্তাহে দুদিন আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন আইনজীবীরা। গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে আইনজীবী নেতারা বলেন, বুধবারের (গতকাল) মধ্যে কোর্ট ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বৃহস্পতিবার (আজ) থেকে কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান, ব্যারিস্টার আশরাফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ভার্চুয়ালি কার্যক্রম পরিচালনা বিচারের নামে প্রহসন। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।
প্রথম দিনে ৭০৭ শুনানি ও ১৭৭টি নিষ্পত্তি
গতকাল সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা জানান, ভার্চুয়াল কোর্টের প্রথম দিনে গতকাল বুধবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৭০৭টি মামলা শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলা শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি হয়; হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলা শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।
এ ব্যবস্থা সম্পূর্ণ সাময়িক: অ্যাটর্নি জেনারেল
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট চালুর পর মামলার কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এ প্রক্রিয়া অব্যাহত থাকলে মামলা দ্রুত নিষ্পত্তি হবে।
গতকাল বুধবার নিজ কার্যালয়ে তিনি বলেন, প্রধান বিচারপতি গত ৭ এপ্রিল সবাইকে ডেকে (বার সভাপতি সেক্রেটারিসহ) ভার্চুয়াল কোর্ট পরিচালনার কথা বলেছেন। তাঁর ইতিবাচক চিন্তা থেকে এটা করা হয়েছে। দুদিন ভার্চুয়াল কোর্ট চালু থাকলে জ্বালানির ওপর কিছুটা চাপ কমবে।’ তিনি বলেন, ‘এ ব্যবস্থা সম্পূর্ণ সাময়িক। পরে নিয়মিত আদালত চালু হবে।’
রুপা-শাকিলের জামিন আবেদনের আদেশ ২৮ এপ্রিল
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলাসহ ৭ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী ২৮ এপ্রিল আদেশ দেবেন আদালত। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির পর গতকাল বুধবার এ দিন ধার্য করেন।
- বিষয় :
- আইনজীবী
- ভার্চুয়াল আদালত
- বিক্ষোভ
