ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শিবিরকে গোপন রাজনীতি ছেড়ে প্রকাশ্যে আসার আহ্বান ছাত্রদলের

শিবিরকে গোপন রাজনীতি ছেড়ে প্রকাশ্যে আসার আহ্বান ছাত্রদলের
×

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৫:৪৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘আমরা ছাত্রশিবিরকে আহ্বান জানাচ্ছি- দয়া করে গোপন রাজনীতি থেকে বের হয়ে আসুন। ক্যাম্পাসে যদি দেয়াল লিখতে চান, নিজের পরিচয়ে লিখুন। সমালোচনা করতে চাইলে নিজেদের পরিচয়েই করুন। কিন্তু গোপনে মব তৈরি করে অপপ্রচার চালিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করবেন না।’

শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ায় সাম্প্রতিক ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে জরুরি সাংগঠনিক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাকিবুল ইসলাম রাকিব।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ক্যাম্পাসগুলোতে মূল সমস্যা হচ্ছে একটি গোপন সংগঠন যে গোপন রাজনীতি চালু রেখেছে। 

তিনি বলেন, অধিকাংশ ক্যাম্পাসে জানতে পারলাম কোনো জায়গায় দুই সদস্য বিশিষ্ট কমিটি, কোনো জায়গায় পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি, কিন্তু দেড় বছর যাবত এখানে মব হয়েছে। তাহলে এই মবগুলো কারা করল? তারা সাধারণ শিক্ষার্থীর নামে এই মবগুলো করেছে এবং সেখানে ঐক্যবদ্ধভাবে ১৫ থেকে ২০ জনের একটা ঐক্যবদ্ধ গ্রুপ এই মবগুলো করেছে।

রাকিব বলেন, আপনারা গোপন অবস্থায় যা ইচ্ছে তাই বলে যাবেন, যেভাবে ইচ্ছে ঐক্যবদ্ধভাবে মব করবেন তারপর সোশ্যাল মিডিয়া অপপ্রচার ছড়িয়ে একটি অস্থিতিশীল ক্যাম্পাস তৈরি করবেন, দয়া করে এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসুন। এতে আপনাদেরও কোনো লাভ হবে না, আপনাদেরও অনেক ভবিষ্যতে এ কারণে আপনাদের অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে, হতে হবে। কারণ ইতিহাস থেকে দায় আপনারা কখনো পাবেন না।

শাহবাগে সাম্প্রতিক ঘটনায় সাংবাদিক আহত হওয়ার প্রসঙ্গে ছাত্রদল সভাপতি বলেন, ‘গতকালের ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। বিষয়টি তদন্ত করতে আমরা একটি কমিটি গঠন করেছি এবং সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ছাত্রদল গত দুই বছর ধরে ক্যাম্পাসে সম্প্রীতিমূলক রাজনীতি বজায় রাখার চেষ্টা করছে এবং হল দখল বা জোরপূর্বক কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করার মতো অভিযোগ তাদের কোনো ইউনিটের বিরুদ্ধে প্রমাণিত হয়নি।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘যত অপপ্রচারই হোক না কেন, আমরা ক্যাম্পাসকে অস্থিতিশীল হতে দেব না। সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করব।’

সভায় সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ধারাবাহিকভাবে যে অপপ্রচার হচ্ছে যে কুরুচিপূর্ণ পোস্ট হচ্ছে যেগুলো আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। তারই ধারাবাহিক একটি পোস্ট হয়েছে শিবিরের যে নেতা জায়মা রহমানকে নিয়ে যে পোস্টটি দিয়েছিলেন। এটি কোনো বিচ্ছিন্ন কোনো পোস্ট বলে আমরা মনে করি না। 

তিনি বলেন, গত দেড় বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে যারা হিংসায় ভরিয়ে দিয়েছে, তারা নোংরামি করেছে, কুরুচিপূর্ণ পোস্ট দিয়েছে। এটা তো আজকে প্রথম নয়। এর আগেও তারেক রহমান ওনার কন্যাকে নিয়ে পোস্ট দিয়েছে। আমাদের নামেও তো একদিনে শত শত পোস্ট তারা দিয়ে থাকে শিবিরের আইডি থেকে শিবিরের বট আইডি থেকে। সুতরাং এটি কোনোভাবেই প্রমাণিত হয় না যে এই পোস্ট তারা দেয়নি। আমরা লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্টটি দেওয়ার অনেকক্ষণ পরে প্রায় পাঁচ থেকে সাত ঘণ্টা পরে তারা থানায় গিয়েছে। যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে দেশের সাধারণ মানুষ দেশের সাধারণ শিক্ষার্থীরা যখন তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে ঠিক তখনই তারা থানায় গিয়ে আশ্রয় চেয়েছিলেন বলে আমাদের মনে হচ্ছে।

আরও পড়ুন

×