ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দিল্লি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ

ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দিল্লি
×

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ০৮:৩২ | আপডেট: ০৫ মে ২০২৬ | ১১:২৭

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত। গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতে দিল্লির এ আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন হাইকমিশনার প্রণয় ভার্মা। 

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার ভারতীয় হাইকমিশনের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাইকমিশনার। তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের চলমান অগ্রগতি নিয়েও সংক্ষেপে পর্যালোচনা করা হয়। উভয় দেশের নতুন সক্ষমতা ও আকাঙ্ক্ষার ভিত্তিতে এ সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করা হয়। প্রণয় ভার্মা উভয় দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের সঙ্গে সংগতি রেখে এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা জোরদার করতে বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ভারতের অভিপ্রায় পুনর্ব্যক্ত করেন। দ্বিপক্ষীয় সম্পর্কে হাইকমিশনারের অবদানের জন্য প্রণয় ভার্মাকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে তাঁর নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, প্রণয় ভার্মা হাইকমিশনার থাকাকালে সহযোগিতা ও সমর্থনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে একটি পারস্পরিক লাভজনক ও ভবিষ্যৎমুখী সম্পর্কের প্রত্যাশা করে বাংলাদেশ। 

আরও পড়ুন

×