ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
×

জাহেদ উর রহমান

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৮:২৮

| প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি বাতিল নয়; বরং সেটি পর্যালোচনা করবে সরকার। চুক্তির বিভিন্ন দিকও পর্যালোচনা করে দেখা হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, চুক্তি বাতিল করার অপশন আছে। মানে ৬০ দিনের নোটিশ দিয়ে বাতিল করে দেওয়া যাবে; এটা হলো এক নম্বর। দুই নম্বর হচ্ছে, এই চুক্তির মধ্যে আরেকটা কন্ডিশন আছে– দুই দেশ আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্তে পরিবর্তন করতে পারবে।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্যচুক্তি সই হয় জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে গত ৯ ফেব্রুয়ারি। এ নিয়ে এখনও আলোচনা-সমালোচনা হচ্ছে।
উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমি এই বিষয়ে কথা বলেছি। এটা চুক্তি বাতিল করে দেওয়ার ইমপ্যাক্ট (প্রভাব) কী হতে পারে, নিশ্চয়ই আমরা বুঝতে পারি, কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে, সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই সুযোগটা তো আমরা নিতে পারি,  চুক্তির কিছু কিছু জায়গায় রিকনসিডার (পুনর্বিবেচনা) করা। যে যে জায়গাগুলোকে আমরা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে প্রাথমিক বিবেচনা করব। আমি আশা করি, আমরা সে রকম একটা নেগোসিয়েশনে (দর কষাকষি) তাদের সঙ্গে যেতে চাই। বাতিল করাটা দ্বিপক্ষীয় সম্পর্ক বা রেসিপ্রোকাল ট্যারিফে যে সংকট আছে, সেটা আবার চলে আসার সম্ভাবনা আছে।

তিনি দাবি করেন, ১১ মে পর্যন্ত দেশে কোনো লোডশেডিং হয়নি এবং বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কোরবানির ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে রেল ও নৌপথে বিশেষ প্রস্তুতি নেওয়ার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, ১৩ মে থেকে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদ উপলক্ষে ৫ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া 

হয়েছে। সেই সঙ্গে নৌপথে ৫ মে থেকে কার্যকর হওয়া পুনর্নির্ধারিত ভাড়ার পাশাপাশি ফিটনেসহীন লঞ্চ চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসীন। 

আরও পড়ুন

×