শিক্ষাখাতে জিডিপির ৫ ও বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি বিএমজিটিএ’র
জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ১৭:৪৪
আসন্ন বাজেটে শিক্ষাখাতে মোট জিডিপির ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।
সংগঠনের মহাসচিব মোহাম্মদ ফিরোজ আলমের সঞ্চালনায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি সরকারের প্রতি শিক্ষকদের ৯ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— আসন্ন ঈদুল আজহায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, নবম পে-স্কেল বাস্তবায়ন, সরকারি নিয়ম অনুযায়ী মেডিকেল ও বাড়িভাড়া সুবিধা নিশ্চিত করা এবং অনুপাত প্রথা বাতিল করে সকল প্রভাষককে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া।
এছাড়া মাদরাসা থেকে স্কুল-কলেজ এবং স্কুল থেকে মাদরাসায় বদলির সুযোগ চালু, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্ত করা, শিক্ষা কমিশন গঠন, মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ এবং মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগের দাবিও জানানো হয়।
সংগঠনের মহাসচিব মোহাম্মদ ফিরোজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি শিক্ষকদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নিতে শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান। পরে মাদরাসা শিক্ষকদের দাবি পূরণে জরুরী ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন এসোসিয়েশন এর মহাসচিব মো. ফিরোজ আলম। অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সিনিয়র যুগ্ন মহাসচিব মেহেদী হাসান সরকার সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
