এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে: জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ১৫:৫০ | আপডেট: ১৯ মে ২০২৬ | ১৫:৫১
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন বলেছেন, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
ক্ষমতাসীন দল বিএনপি অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের ১০ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে র্যাবের বিলুপ্তি চেয়েছিল। গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে এবং জনগণের প্রত্যাশা পূরণ করে আগামী দিনে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে।
আজকের সংবাদ সম্মেলনে র্যাব নিয়ে করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, গতকাল র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল এবং ঘটনাচক্রে তিনিও সেখানে উপস্থিত ছিলেন। র্যাব বিলুপ্তি নিয়ে যেটা বলা হয়েছে, যে দাবি হয়েছিল, এখনও র্যাব এক অর্থে আগের মতো করে থাকছে না। গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন, র্যাবের জন্য নতুন একটি আইন হবে।
উপদেষ্টা আরও বলেন, ‘র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে, আবারও বলছি, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না, নামও সম্ভবত পাল্টে যাচ্ছে। সম্ভবত বলছি, কারণ এই ধরনের অপশন গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। সেটাও জানিয়েছেন, এই আইন করার জন্য তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সক্রিয়ভাবে কাজ করছেন।’
রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকা দরকার আছে বলে মনে করেন জাহেদ উর রহমান। বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, একটি এলিট ফোর্স থাকবে, সেটা র্যাব নামে বা ভিন্ন নামে হোক এবং বিস্তারিত সংজ্ঞায়িত একটি আইন থাকবে।
- বিষয় :
- প্রধানমন্ত্রী
- তথ্য উপদেষ্টা
- জাহেদ উর রহমান
