গোলটেবিলে বক্তারা
স্বাস্থ্য খাতে বাজেট বাড়ালেও প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া সুফল মিলবে না
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ২১:৩৩
দেশের স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোই একমাত্র সমাধান নয়, বরং বরাদ্দের সঠিক ও কার্যকর ব্যবহার, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং নাগরিকদের জন্য শক্তিশালী আর্থিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য অর্থনীতি ও নীতিনির্ধারণ বিশেষজ্ঞরা।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘স্বাস্থ্য বাজেট: অধিক বরাদ্দ ও সঠিক বাস্তবায়নের প্রত্যাশা’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে পাবলিক ইন্টেগ্রিটি নেটওয়ার্ক ফর এভিডেন্স অ্যান্ড ট্রান্সপারেন্সি (পাইনেট)।
গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ড. অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ। তিনি বলেন, স্বাস্থ্য বাজেট এমন হতে হবে যাতে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত হয়। বাজেট বাড়লেও বরাদ্দকৃত অর্থের বড় অংশ যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। এর পেছনে রয়েছে খণ্ডিত প্রাথমিক স্বাস্থ্যসেবা, সেবার পুনরাবৃত্তি, দুর্বল ক্রয় ও সরবরাহ ব্যবস্থা, দুর্নীতি, দক্ষ জনবল সংকট এবং প্রশাসনিক সমন্বয়ের অভাব।
অধ্যাপক হামিদ বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, জবাবদিহি বাড়ানো এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির আগে অতিরিক্ত বাজেটের ওপর অতিরিক্ত নির্ভরতা না বাড়ানোর আহ্বান জানান। তিনি ফ্যামিলি কার্ডের সঙ্গে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা যুক্ত করার প্রস্তাব দেন, যাতে চিকিৎসা ব্যয় থেকে জনগণ সুরক্ষা পেতে পারে।
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সাবেক সদস্য আবু মুহাম্মদ জাকির হোসাইন বলেন, প্রয়োজনীয় খাতগুলোতে বরাদ্দ কম থাকলেও অনেক ক্ষেত্রে তা পুরোপুরি ব্যয় করা হয় না। তিনি পরিচালন ও উন্নয়ন ব্যয়ের মধ্যে ভারসাম্য আনার ওপর গুরুত্ব দেন। যোগ্য ও দক্ষ নেতৃত্ব ছাড়া স্বাস্থ্য খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
আলোচনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর মহাসচিব জহিরুল ইসলাম শাকিল বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সদের আবাসন সংকট সেবায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার টিকা সংক্রান্ত তথ্য নিয়ে সরকারের বক্তব্যে অসঙ্গতির অভিযোগ তোলেন এবং স্বচ্ছ তথ্য প্রকাশের আহ্বান জানান।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মোশতাক হোসেন বলেন, স্বাস্থ্য বাজেট শুধু টাকার অঙ্কে নয়, শতকরা হারে কতটা বাড়ছে সেটিই গুরুত্বপূর্ণ। তিনি প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে নিশ্চিত করার ওপর জোর দেন।
সভায় সভাপতিত্ব করেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সুলতানা জেসমিন। তিনি জানান, সরকার স্বাস্থ্য খাত উন্নয়নে ৫ ও ১০ বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে এবং জাতীয় পরিচয়পত্রের সঙ্গে স্বাস্থ্য কার্ড যুক্ত করার উদ্যোগ রয়েছে। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন পাইনেটের কো-অর্ডিনেটর নাজমুল হাসান।এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন।
- বিষয় :
- গোলটেবিল আলোচনা
- স্বাস্থ্য খাত
- সংস্কার
